রাজধানীর বাড্ডায় আইএফআইসি ব্যাংকের একটি শাখায় ডাকাতির সময় ৩ জনকে গ্রেফতার করার অভিযোগে দায়ের করা মামলায় হৃদয় হোসেন নামের এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন আদালত। অপর দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আনাছ উদ্দিন রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করে। আসামি হৃদয় স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হয় তা রেকর্ড করার আবেদন করেন। অপরদিকে আসামি মামুন ও রুবেল শিকদারকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত আসামি হৃদয়ের জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপরদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত অপর দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রবিবার (১৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত প্রত্যেক আসামি ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত রবিবার ভোররাতে আইএফআইসি ব্যাংকের বাড্ডায় শাখার সাইনবোর্ডের দেয়াল ভেঙে ভেতরে একজন প্রবেশ করে। সে শাবল দিয়ে একটি ভোল্ট ভেঙে ফেলে। ঘটনাটি আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেখানকার কর্মীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতর থেকে একজনকে গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেফতার করা হয়।








