সাক্ষাৎকার

‘অনিবন্ধিত নৌযানই দুর্ঘটনা ঘটাচ্ছে’

রিয়াদ তালুকদার
২০ নভেম্বর ২০২১, ১৩:০৫আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৪:৫৪

দেশে নৌযানের জন্য দক্ষ চালকের অভাব রয়েছে। সেই সঙ্গে অনিবন্ধিত নৌযান বেড়ে যাওয়াতেও নৌপথে বেড়েছে দুর্ঘটনা। বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানালেন বাংলাদেশ নৌপরিবহন অধিদফতরে মহাপরিচালক কমোডর আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দিন। তার মতে, অধিদফতরের অভিযান ও নজরদারিতে অনিবন্ধিত নৌযান কমেছে, নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থাও। অনিবন্ধিত নৌযান বন্ধ করে দক্ষ চালক তৈরি করা গেলে নৌ-দুর্ঘটনা শূন্যের কোঠায় নেমে আসবে বলে জানান তিনি।

বাংলা ট্রিবিউন: নৌপথে দুর্ঘটনা ঘটে কেন? এটা কমাতে কী ব্যবস্থা নিচ্ছে অধিদফতর?

মহাপরিচালক: নৌ-দুর্ঘটনা রোধ করতে আমাদের প্রথম কাজ আনুষ্ঠানিক নৌ-শিক্ষা সুনিশ্চিত করা। এর জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালাতে হবে। সমস্ত নৌযানে যদি প্রশিক্ষিত ও অভিজ্ঞ নাবিক কিংবা চালক থাকে তবে নৌ-দুর্ঘটনা অনেকাংশে কমবে।

অবৈধ কিংবা অনিবন্ধিত নৌযানগুলো বন্ধ হলেও দুর্ঘটনা কমবে। তবে এখন আগের চেয়ে নৌ-দুর্ঘটনা অনেক কমেছে।

বাংলা ট্রিবিউন: নৌ-দুর্ঘটনা প্রতিরোধে অধিদফতরের নজরদারি কেমন?

মহাপরিচালক: বাংলাদেশের বিশাল জলসীমা। অনুমোদিত যেসব ঘাট রয়েছে, সেখানে আমাদের তদারকি আছে। এ ছাড়া মাঠ পর্যায়ে যেসব শাখা অফিস আছে সেখানেও কর্মকর্তারা আছেন। তবে লোকবলের অভাবে গোটা দেশে নজরদারি সম্ভব হচ্ছে না। যেসব জলযান গুরুত্বপূর্ণ, সেখানে কর্মকর্তারা কাজ করছেন। সারাক্ষণই তদারকি করছেন তারা। নিয়মিত আমাদের কাছে রিপোর্টও আসছে।

বাংলা ট্রিবিউন: অনিবন্ধিত নৌযান বন্ধ করা যাচ্ছে না কেন?

মহাপরিচালক: কথাটি পুরোপুরি ঠিক নয়। নৌযানগুলো নিবন্ধনের আওতায় আনতে আমরা মালিক-চালকদের উদ্বুদ্ধ করছি। বন্দরগুলোতে প্রচারণা চালাচ্ছি। ম্যাজিস্ট্রেটরা অননুমোদিত নৌযান চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। মামলা দেওয়া হচ্ছে।

আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা যদি যুগপৎ অভিযান চালায় তবে অবৈধ নৌযান পরিচালনাকারীদের নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে। এখানে উল্লেখ্য, ১৬০০ অশ্বশক্তি ক্ষমতাসম্পন্ন জলযানগুলোর রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়।

বাংলা ট্রিবিউন: নিবন্ধন না থাকলে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে?

মহাপরিচালক: আমরা মূলত নিয়ন্ত্রক সংস্থা। আমাদের প্রসিকিউশন টিমও আছে। আমরা যখন অভিযান চালাই তখন সহায়তাকারী হিসেবে থাকে কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও নৌ-পুলিশ। গত ৬-৭ মাসে ব্যাপক অভিযান চালানো হয়েছে। সমন্বিত অভিযানও হয়েছে। অনেকের মধ্যে সচেতনতা বেড়েছে। এ সময় সর্বোচ্চ সংখ্যক জরিমানা করা হয়েছে। স্থানীয় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযানগুলো পরিচালনা করছেন।

 

বাংলা ট্রিবিউন: নৌযান পরিচালনায় দক্ষ মাস্টার তৈরিতে কী করছে অধিদফতর?

মহাপরিচালক: আমাদের যে পরিমাণ জলযান রয়েছে, সেই পরিমাণ প্রশিক্ষিত চালক ও ক্রু নেই। এদের সংখ্যা বাড়াতে নৌ-সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থী বাড়ানো যায়। যারা এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের কাছে আমরা আহ্বান জানিয়েছি।

নতুন চালকদের নিয়মিত কর্মদক্ষতার ও মানোন্নয়ন পরীক্ষা নেওয়া হয়। যারা পরীক্ষা দিচ্ছেন তারা যেন দ্রুত পরীক্ষা দিতে পারেন সে বিষয়ে কাজ করছি। তারা যেন তাদের অ্যাপয়েন্টমেন্ট ডিজিটাল করতে পারেন, সেই সেবাও চালু হয়েছে। তাদের মানোন্নয়ন ও আপডেটেশন সার্টিফিকেট দিচ্ছি।

বাংলা ট্রিবিউন: নৌযান রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জটিলতা কেমন?

মহাপরিচালক: নৌযান নিবন্ধনে কোনও জটিলতা নেই। আইনি কাঠামোর মধ্যে যেসব রিকয়ারমেন্ট রয়েছে, সেগুলো ওয়েবসাইটে দেওয়া আছে। এখন আমাদের সব রেজিস্ট্রেশন অনলাইনে করা হচ্ছে। যেকোনও একজন সেবাপ্রত্যাশী আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন রেজিস্ট্রেশনের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে এবং জলযানগুলোর কাঠামো কী ধরনের হবে। আবেদন করার পর অনলাইনে দেখতে পাবেন রেজিস্ট্রেশনের অগ্রগতি। আমাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, আইন অনুযায়ী রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হয়। এ কাজে আমরা বাধ্য।

বাংলা ট্রিবিউন: কোনও দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেখা যায় ওই নৌযানের লাইসেন্স নেই কিংবা মেয়াদোত্তীর্ণ। তখন গঠিত হয় তদন্ত কমিটি। তাদের প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়?

মহাপরিচালক: কোনও দুর্ঘটনায় যদি কোনও অননুমোদিত নৌযানের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তখন আইনি প্রক্রিয়ায় তারা সাজা পায়। নৌ-সংশ্লিষ্ট দুর্ঘটনা ঘটলেই সরকারের বিভিন্ন দফতরে তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানে যদি জীবনহানির ঘটনা ঘটে, মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীও তাদের মতো তদন্ত করেন। তদন্ত কমিটির সুপারিশের মধ্যে যেগুলো গ্রহণযোগ্য হয়, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা নৌযানের লাইসেন্স বাতিল সংক্রান্ত বিষয় এবং কারও অবহেলা পেলে সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিই।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম