মিরপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ চলাকালীন সময়ে পূর্ব গ্যালারির কাঁটাতার বেয়ে মাঠে ঢুকে পড়ার অভিযোগে রাসেল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
শনিবার (২০ নভেম্বর) রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মাঠে ঢুকে যাওয়া যুবক রাসেলকে স্টেডিয়ামে দায়িত্বরত পুলিশ সদস্যরা থানায় নিয়ে এসেছে। সে পুলিশি হেফাজতে আছে। সে কেন মাঠে প্রবেশ করেছিল, তার উদ্দেশ্য কি ছিল এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই যুবক টিকিট কেটেই স্টেডিয়ামে প্রবেশ করে। সে মোস্তাফিজুর রহমানের বড় ফ্যান। টিকিট কেটে তার জায়গাতেই খেলা দেখছিল, তবে সে খেলা চলাকালীন হঠাৎ করে এই ঘটনাটি ঘটিয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী সাজা হতে পারে তার। জিজ্ঞাসাবাদের পর আইনানুগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।









