রাজধানীর শাহবাগে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদ বাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত এই আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন শাহবাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলামিন আসামিকে আদালতে হাজির করেন। এরপর মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাংবাদিক রিশাদ হুদা জানান, শনিবার (২০ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে আজিজ সুপার মার্কেটের পেছনের গলি দিয়ে মোটরবাইকে যাওয়ার সময় পেছন থেকে হর্ন বাজিয়ে জায়গা চান তিনি। এ সময় ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পরিচয় দেওয়া নাজিম আহমেদের গাড়ি থেকে চার জন বের হয়ে তার ওপর হামলা চালান। হামলাকারীরা হেলমেট দিয়ে তার মাথা, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। পরে আজিজ সুপার মার্কেটের ভেতরে নিয়ে তাকে আবারও মারধর করা হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে রিশাদ হুদা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
শনিবার (২০ নভেম্বর) রাতে বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন সাংবাদিক রিশাদ হুদা। মামলার অপর আসামিরা হলেন— তানভীর, ইউসুফ ও ইকবাল। এছাড়া আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।









