গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সংসদ সদস্যকে পাবনার বেড়া পৌরসভা নির্বাচনি এলাকায় অবস্থান না করতে রিটার্নিং অফিসারের দেওয়া চিঠি কার্যকর হয়েছে কিনা তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ওই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাতেনের করা রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২২ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও মো. সাইফুল আলম।
এর আগে সংসদ সদস্য শামসুল হক টুকুকে নির্বাচনি এলাকায় অবস্থান না করতে নোটিশ দেন পাবনার বেড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার। পরে এ বিষয়ে ২১ নভেম্বর দৈনিক কালের কণ্ঠে ‘মায়াদয়া করব না, পিষে দেব’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সে প্রতিবেদন তুলে ধরে শুনানি নিয়ে আদালত পাবনার রিটার্নিং অফিসারের প্রতি আদেশ দিয়েছেন। গত ১৪ নভেম্বর দেওয়া চিঠি কতটুকু প্রতিপালিত হচ্ছে তা ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিয়ে জানাতে বলেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার আবার মামলাটি কার্যতালিকায় আসবে বলেও আদালত আদেশ দেন।









