‘ইমাম মাহাদীর সৈনিক আমি (জিহাদ ফি সাবিলিল্লাহ)’ নামক ফেসবুক আইডি থেকে জঙ্গি মতবাদ প্রচারের অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য ফয়সাল আহমেদকে (২৩) গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) । বুধবার (২২ ডিসেম্বর) রাতে রাজধানীর রমনা থানা এলাকার রমনা পার্কের স্টার গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ও ২টি সিম কার্ড জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং এর সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন।
তিনি বলেন, ফয়সাল আহমেদ তার ফেসবুক আইডি ও অন্যান্য এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশে তাদের মতবাদ প্রচারের জন্য বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও প্রচারপত্র তৈরি করতো। সে অনলাইনে তার সহযোগী একাধিক আইডির সঙ্গে জিহাদ এবং দেশবিরোধী পরিকল্পনা করতো।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর কার্যক্রম পরিচালনার মাধ্যমে সে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছিল। তার ব্যবহৃত মোবাইল সেট থেকে লগইন অবস্থায় জিহাদের প্রস্তুতি বিষয়ক আলোচনা ও বাংলাদেশ সরকারবিরোধী ষড়যন্ত্র সংক্রান্তে বিভিন্ন লিংক পাওয়া গেছে। সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান এটিইউ এর এই কর্মকর্তা।









