রাজধানীর আদাবরের মুনসুরাবাদ হাউজিং সোসাইটিতে দারুসসালাম থানার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়াকে(৪৫) দুর্বৃত্তরা বেধরক পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন তার স্বজন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকাল সাড়ে ৪টার দিকে মুনসুরাবাদ হাউজিংয়ের ১০ নম্বর সড়কের শেষ মাথায় তাকে মারধর করা হয়। বাবুল মিয়ার মেয়ে আফসানা আক্তার বাংলা ট্রিবিউনকে এই অভিযোগ করেছেন।
তিনি বলেন, ‘আমার বাবা বিকালে আদাবরে আমাদের নানার বাড়িতে গিয়েছিল। এ সময় মুনসুরাবাদের ১০ নম্বর সড়কের শেষ মাথায় একটি মাইক্রোবাস থেকে আট থেকে দশজন সন্ত্রাসী নেমে বাবাকে বেধরক পেটাতে থাকে। তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে আমাদের দারুসসালামের ৯০/৫/বি এর বাসার এক ভাড়াটিয়ার কাছে সন্ত্রাসীরা চাঁদা চায়। বাবা তাদের প্রতিহত করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালাতে পারে।’
দশ নম্বরের সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতির স্থানীয় সন্ত্রাসী আবু, সোহরাব, রাসেল ও রুবেল তার বাবার ওপর হামলা চালিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক জানান বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।
/এআরআর /এসএম/এএইচ/








