রাজধানীর রমনা থানার বেইলী রোডের প্রোপার্টিজ হাউজিংয়ের একটি বাসার দ্বিতীয় তলার সানশেড থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটিকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রমনা থানার এসআই আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার দুপুরে ওই নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রোপার্টিজ হাউজিংয়ের ২৬ নম্বর বাসার দ্বিতীয় তলার সানশেড থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়েছে। নবজাতকটি এখনও জীবিত রয়েছে। তাকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এসআই বলেন, ‘ওই বাসার ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে নবজাতকের মা গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। তিনি জানিয়েছেন, আজ সকালেই তিনি সন্তানটি প্রসব করেন এবং বাইরে ফেলে দেন। গৃহপরিচারিকার গ্রামের বাড়ি কুমিল্লায়।’
এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে এসআই বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গৃহপরিচারিকা জানিয়েছেন, তার বড় বোনের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ছিল। সে সম্পর্কের ফল ওই নবজাতক।’
/এআরআর/এজে/এএইচ/








