রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম আকতার হোসেন(৩৮)।
মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির সংঘবদ্ধ অপরাধ বিভাগের বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকি বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি মো. শহীদুল্লাহ অপহরণ হওয়ার পর অপহরণকারী চক্র তার পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে আকতারকে গ্রেফতার করে সিআইডির সংঘবদ্ধ অপরাধ টিম।
আব্দুল্লাহহেল বাকি বলেন, আফ্রিকার সাসোলবার্গ থেকে প্রবাসী বাংলাদেশি মো. শহীদুল্লাহ ব্যবসা করতেন। গত ২ জানুয়ারি তিনি অপহৃত হন। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অপহৃতের মা ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে রাজি হন। বাংলাদেশে অবস্থানরত অপহরণকারীদের সহযোগী আকতার হোসেনের কাছে মুক্তিপণ দিতে বলে অপহরণকারীরা।
এ ঘটনায় নোয়াখালির সুনাইমুড়ি থানায় গত ৩০ জানুয়ারি মানি লন্ডারিং আইন-২০১২ এর সেকশন ৪ এর ২ ধারা অনুযায়ী একটি মামলা হয়।
মামলার পর থেকে বিষয়টি সিআইডি’র নজরে এলে তদন্ত ও নিয়মিত নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সিআইডির অপরাধ তদন্ত ইউনিটের পরিদর্শক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল আকতারকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে নগদ তিন লাখ টাকা উদ্ধার করা হয়।
অপহৃত প্রবাসী বাংলাদেশি শহিদুল্লাহকে উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারী চক্রের আরও কয়েকজনের নাম জানা গেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
/এআরআর/এনএস/এমএসএম








