কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির(প্রক্সি) চেষ্টাকালে ধরা পড়ায় ৭০ জনকে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার তাদের এ শাস্তি দেওয়া হয়। এর আগে প্রক্সি দেওয়ার অপরাধে চার ঢাবি শিক্ষার্থীসহ ৮০ জনকে আটক করে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টা থেকে এই নিয়োগ পরীক্ষা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুরু হয়। এরপর মূল পরীক্ষার্থীর জাগায় অন্য পরীক্ষার্থী দেখে হল পরিদর্শকরা বিভিন্ন কেন্দ্রে ভুয়া পরীক্ষার্থী আটক করতে থাকে। এরপর পরীক্ষা শেষ হলে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদের সামনে নিয়ে আসা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত তাদের বিচার করে পুলিশের তিনটি ভ্যানে থানায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ১০ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.এ এম আমজাদ বলেন, একটি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ৮০ জনকে আটক করা হয়েছে বলে শুনেছি। এদের মধ্যে চারজন ঢাবি শিক্ষার্থী।
এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ভ্রাম্যমাণ আদালত থেকে সাজাপ্রাপ্ত ৭০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
/এসআর / এএইচ /








