সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার তার বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।
জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে কোটি টাকা অর্থায়নের অভিযোগে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন ব্যারিস্টার শাকিলা।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন।
হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমণ্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দওয়াহিদুল আলমের মেয়ে আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে গ্রেফতার করে র্যাব। পরে বাঁশখালী ও হাটহাজারীতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। অন্য দুইজন জামিন পেলেও শাকিলা জামিন না পাওয়ায় চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টেজামিন আবেদন করা হয়।
/ইউআই/এসএম/








