হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সরকার দলীয় সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, বাহুবলের এই ঘটনাটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গোটা জাতির জন্য মানবিক বিপর্যয়ের দুঃখজনক অধ্যায়। এই এলাকার মানুষ খুব সাদামাটা। এমন একটি স্থানে গত ১৮ ফেব্রুয়ারি চারটি নিষ্পাপ শিশুর লাশ উদ্ধার হলো, তখন হাজার হাজার মানুষের বুক ফাটা ক্ষোভ ভাষায় প্রকাশ করা যাবে না।
সিলেটের রাজন ও খুলনার রাকিব হত্যার বিচারের প্রসঙ্গে তুলে সংরক্ষিত আসনের এই এমপি বলেন, যেভাবে সিলেটের শিশু রাজন ও খুলনার রাকিব হত্যাকান্ডের বিচার হয়েছে। ঠিক সেভাবেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই চার শিশুকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
স্থানীয় পঞ্চায়েত প্রথার সমালোচনা করে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আরও বলেন, কিছু কিছু এলাকায় কিছু ভণ্ড ও ক্ষমতালোভীর প্রশ্রয়ে কিছু মানুষ অপরাধ জগতের গডফাদার হন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রকে রুখ দাঁড়াতে হবে।
/ইএইচএস/এমএনএইচ/








