রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সদস্যরা। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি’র জনসংযোগ শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরকার জানান, সিনিয়র সহকারী কমিশনার মো. ওবায়দুল হকের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড্ডা এলাকায় অভিযান চালান। সেখান থেকে উজ্জ্বল হোসেন ও আব্দুর রাজ্জাক বাবু নামের দুজনকে গ্রেফতার করেন তারা।
পরে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ দুটি ম্যাগজিন, পয়েন্ট ২২ বোরের ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গোয়েন্দা পুলিশকে জানান, দীর্ঘদিন থেকে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ব্যাপারে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
/জেইউ/এমএনএইচ/








