রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা-পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), সৌরভ হাওলাদার (২৩) মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন) সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে ধানমন্ডি মডেল থানার সাতমসজিদ রোড থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ১০ জন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতাকর্মীদের ছবি সংবলিত আটটি গেঞ্জি ও একটি ব্যানার যাতে লেখা রয়েছে ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।









