জুলাই আন্দোলনের সময় মিরপুর থানায় মিলন পান্না নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। একইসঙ্গে কাফরুল থানা মহিলা লীগ সভাপতি রোকেয়া জামালকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান সোহেল সৌরভের আবেদন পরিপ্রেক্ষিতে সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
রোকেয়া জামালকে মিরপুর মডেল থানার আরেক উপপরিদর্শক মো. কবির হোসেন আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তাদের গ্রেফতারের পক্ষে শুনানি করেন। অপরদিকে উভয় আসামির গ্রেফতারের বিরোধিতা করে জামিন শুনানি করেন তাদের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।
সাবিনা আক্তার তুহিনের গ্রেফতারের আবেদন অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনের সময় ৪ আগস্ট মিরপুর ১৪ নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মামলার বাদী ও ভুক্তভোগী মিলন পান্না গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনের নামে মামলা করা হয়। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে।
রোকেয়া জামালের গ্রেফতার দেখানোর আবেদন অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর ১০ এ গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় শাকিলের বাবা বাদী হয়ে মূল আসামিসহ অজ্ঞাত ৩০০ জনের নামে মামলা করেন। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে রোকেয়া জামালকে গ্রেফতার দেখানো হয়। উভয় আসামিকে সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতার দেখানোর আবেদন জানান তদন্ত কর্মকর্তারা।









