রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তির নাম জুয়েল হাওলাদার ওরফে মাহমুদ (২৮)।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি অভিযানিক দল খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়েল হাওলাদার ওরফে মাহমুদকে গ্রেফতার করে।
তার হেফাজতে থাকা ৪ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গোয়েন্দা বিভাগ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জুয়েল জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে শরীয়তপুরের পালং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।









