কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজের উপর থেকে নদীতে ফেলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৭ জুন) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলার নাগরিয়াকান্দি ব্রিজের উপর থেকে একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে ব্রিজের উপর থেকে নদীতে ফেলা হচ্ছে।
ভিডিওটি প্রচারিত হওয়ার পরপরই বিষয়টি নরসিংদী জেলা পুলিশের নজরে আসে। জেলা পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) গ্রেফতার করে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানার মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানো করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় অন্য আসামিদের বিরুদ্ধে পুলিশের অব্যাহত আভিযানের ধারাবাহিকতায় শনিবার বিকালে নরসিংদী জেলা পুলিশের ডিবির একটি দল নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘটনার সাথে সংশ্লিষ্ট শাহিনারা বেগমকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।








