এয়ারপোর্টের নিলাম বিভাগের ম্যানেজার পরিচয়ে প্রতারণা, মূলহোতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুলাই ২০২৬, ১৫:৪০আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৬:০৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের (নিলাম বিভাগ) ম্যানেজার পরিচয় দিয়ে অকশনে কম মূল্যে আইফোনসহ দামি মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে প্রায় ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।  

সোমবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম অভিযুক্ত মো.  ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদার (২৮)। মঙ্গলবার (৭ জুলাই) প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের একটি দল গতকাল দিবাগত মধ্যরাতে ডিএমপির ভাটারা ও বাড্ডা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উত্তর বাড্ডার কমিশনার গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।   

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাদী ঢাকার একটি বেসরকারি জীবনবীমা প্রতিষ্ঠানে চাকুরিরত। প্রতারক চক্রের সদস্যরা প্রথমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাদীর সঙ্গে যোগাযোগ করে। চক্রটি নিজেদেরকে বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের কর্মকর্তা এবং পরবর্তীকালে অপারেশন ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করে। কথোপকথনের একপর্যায়ে তারা জানায়, বিমানবন্দরের অকশনে জব্দকৃত বা অব্যবহৃত আইফোন, স্যামসাং মোবাইল, ল্যাপটপ এবং বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিকস পণ্য বাজারমূল্যের তুলনায় অত্যন্ত কম দামে বিক্রি করা হবে। পাশাপাশি তারা দাবি করে, তাদের অধীনে কর্মরত প্রায় ৫০ জন কর্মকর্তা-কর্মচারী জীবনবীমার পলিসি গ্রহণে আগ্রহী, যার মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করা হয়।  

পরবর্তী সময়ে প্রতারক চক্রটি ভুক্তভোগীকে ইলেকট্রনিকস পণ্যের ব্যবসায় যুক্ত হওয়ার প্রস্তাব দেয় এবং ব্যবসার বৈধতা প্রমাণের জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামে জাল অনুমোদনপত্র, কথিত সরকারি নথি, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) ভুয়া ডকুমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন জাল কাগজপত্র সরবরাহ করে। এসব নথি দেখে ভুক্তভোগী প্রতারকদের কথায় বিশ্বাস স্থাপন করে বিনিয়োগ করতে আগ্রহী হয়।  

এরপর ১১০টি আইফোন, ৭০টি স্যামসাং মোবাইল এবং ৫৪৩টি ল্যাপটপ সরবরাহের কথা বলে বিভিন্ন ধাপে ২টি ব্যাংক হিসাব ও ৩টি এমএফএস অ্যাকাউন্টে মোট প্রায় ৩০ লক্ষ ৮৭ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। টাকা গ্রহণের পর তারা কোনও পণ্য সরবরাহ না করে বিভিন্ন অজুহাত দিতে থাকে এবং একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তখন ভুক্তভোগী বুঝতে পারেন যে তিনি একটি সু-পরিকল্পিত প্রতারণার শিকার হয়েছেন। ঘটনার পর ভুক্তভোগী ডিএমপির পল্টন (ডিএমপি) থানায় মামলা করেন।  

পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। প্রযুক্তিগত তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে প্রতারণার সঙ্গে গ্রেফতারকৃত অভিযুক্ত ইব্রাহিম হোসেন ওরফে রবিন সিকদারের সম্পৃক্ততার সত্যতা পাওয়া যায়। গ্রেফতারের সময়ে তার কাছ থেকে অপরাধ সংঘটনে ব্যবহৃত আইফোনসহ ৫টি মোবাইল ফোন ও ৭টি সিম জব্দ করা হয়।  

প্রাথমিক তদন্তে জানা যায়, সংঘবদ্ধ প্রতারক চক্রটি সরকারি প্রতিষ্ঠানের নাম, পরিচয় এবং জাল নথিপত্র ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতো। এরপর বিমানবন্দরের অকশনে স্বল্পমূল্যে মূল্যবান ইলেকট্রনিকস পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতো। তদন্তে চক্রটির অন্যান্য সদস্য, ব্যবহৃত ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং প্রতারণার নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত অভিযুক্ত ইব্রাহিম হোসেন ওরফে রবিন সিকদার ডিএমপির ভাটারা থানার একটি ডিজিটাল প্রতারণা মামলার চার্জশিটভুক্ত আসামি, মামলাটি আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃতর বিরুদ্ধে আরও মামলা বা অভিযোগ রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে।    

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সিআইডির অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতদেরকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।  

সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রির প্রলোভন, অনলাইনে প্রাপ্ত কথিত সরকারি অনুমোদনপত্র কিংবা অপরিচিত ব্যক্তির দেওয়া ব্যবসায়িক প্রস্তাবে বিশ্বাস করে কোনও ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সিআইডি জনগণকে সতর্ক করেছে। এছাড়া যেকোনও বিনিয়োগ বা ক্রয়ের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তথ্য যাচাই করার পাশাপাশি সন্দেহজনক কোনও ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ থানা অথবা সিআইডি সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ জানানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছে।  

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
মাউশির কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ
ইমন গাজী হত্যা: সাবেক আইজিপি ইকবাল বাহারসহ গ্রেফতার ৩
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০৬, মামলা ৫০
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রকে হারিয়ে রাসকিন, ‘জীবনে ন্যায়বিচার বলে একটা বিষয় আছে’ 
যুক্তরাষ্ট্রকে হারিয়ে রাসকিন, ‘জীবনে ন্যায়বিচার বলে একটা বিষয় আছে’ 
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা, চাকরির আশ্বাস
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদের মা, চাকরির আশ্বাস
এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ
এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ
চার বিভাগের ১৭ জেলায় বন্যার শঙ্কা
চার বিভাগের ১৭ জেলায় বন্যার শঙ্কা
সর্বাধিক পঠিত
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের