রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩৭ জন, ওয়ারী বিভাগ ৯০ জন, মতিঝিল বিভাগ ৬৭ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১০৫ জন, গুলশান বিভাগ ২৪ জন, উত্তরা বিভাগ ৪১ জন এবং গোয়েন্দা বিভাগ ১৭ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়।
ডিএমপি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুইটি মোটরসাইকেল, দুইটি এসএসডি কার্ড, দুইটি হার্ডডিস্ক, একটি ভুয়া এনআইডি কার্ড, একটি হ্যান্ড পাঞ্চ এবং ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।









