রাজধানীর বংশালে একটি পোশাক কারখানার বাথরুম থেকে মো. শামীম (২২) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সোয়া ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া নিহতের সহকর্মী শ্রমিক রাশেদুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শামীম কারখানার বাথরুমে যান। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও তিনি বের না হওয়ায় সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। কোনও সাড়াশব্দ না পেয়ে মুন্না নামের এক সহকর্মী ছোট ফাঁকা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান, শামীম গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাইপের সঙ্গে ঝুলে আছেন।
পরে দ্রুত বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাশেদুল ইসলাম আরও জানান, নিহত শামীম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে। বংশালের নাজিরাবাজার চৌরাস্তা সংলগ্ন ইদ্রিস প্লাজার ৭ম তলায় রাজু ফ্যাশন নামে পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং সেখানেই থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।









