রাজধানী ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- শারীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) ও মো. জুয়েল (২২)। চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকালে মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চারজনকে গ্রেফতার করে আমাদের হেফাজতে আনা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন এসআই ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে বাজার করে বাসায় ফেরার সময় পেছন থেকে এক দুর্বৃত্ত ওসমান গনির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন।
ঘটনার পর ওসমান গনি বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাসায় ফেরার সময় তার ওপর হামলা চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার পিঠে ৪৩টি সেলাই লেগেছে বলে জানিয়েছে পুলিশ।









