রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসায় প্রবেশের রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ব্যারিকেড দেওয়া হয় জানিয়েছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার পর বকশীবাজার রোডে এ ব্যারিকেড দেওয়া হয়। এতে ওই সড়ক দিয়ে কোনও যানবাহন মাদ্রাসার দিকে প্রবেশ করতে পারছে না। তবে মাদ্রাসা এলাকা থেকে যানবাহন বের হতে পারছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বলেন, অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয়, সে জন্য সতর্ক রয়েছি আামরা। বকশীবাজার মোড়ে ব্যারিকেড দেওয়া হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় সম্মিলিতভাবে মাদ্রাসার আবাসিক হলে ওঠার ঘোষণা দিয়েছেন হলের ‘বৈধ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা’। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, গত ৪ আগস্ট যুবদল নেতা নয়নের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের ‘সন্ত্রাসী’ হামলার ঘটনার পর থেকে সরকারি আলিয়া মাদ্রাসার আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরা একাধিকবার হলে ওঠার চেষ্টা করেও পুলিশ ও মাদ্রাসা প্রশাসনের বাধার মুখে ব্যর্থ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হলে উঠতে বাধা দেওয়া হলেও হলকক্ষে থাকা শিক্ষার্থীদের ল্যাপটপ, মোটরসাইকেল, নগদ অর্থ, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, অ্যাকাডেমিক সার্টিফিকেট ও পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের হাত থেকে রক্ষা করতে পুলিশ ও মাদ্রাসা প্রশাসন ব্যর্থ হয়েছে।
এতে আরও দাবি করা হয়, ছাত্রদলের কিছু নেতাকর্মী হলে অবস্থান করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও লুটপাটের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে বৈধ শিক্ষার্থীদের হলে ফেরার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থী, ছাত্রশিবির ও ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার নেতারা আজ দুপুর সাড়ে ১২টায় সব বাধা মোকাবিলা করে হলে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।









