চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন আগামী ২৯ সেপ্টেম্বর রেখেছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে সোমবার (১০ আগস্ট) অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। তবে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) শুনানি পেছাতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, পরীমণির সন্তানকে টিকা দেওয়ায় জ্বর হয়েছে। পাশাপাশি সন্তানের জন্মদিন হওয়ায় আজ আদালতে উপস্থিত হতে পারেননি।
আদালত সময় আবেদন মঞ্জুর করে ২৯ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন রেখেছেন বলে জানিয়েছেন নীলাঞ্জনা রিফাত (সুরভী)।
২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তোলপাড় তুলেছিলেন চিত্রনায়িকা পরীমণি। তার কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ আগস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। পরে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমণি।
এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়। মামলার অপর দুই আসামি হলেন— পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং পরীমণির খালু কবীর হোসেন হাওলাদার।
মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন।
অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমণি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমণির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের আদেশ আস উচ্চ আদালত থেকে।

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন, ছিলেন না আইনজীবী







