রাজধানীর ডেমরায় একটি বাড়ি থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝুমবাগ সাকিনের গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ের একটি বাড়িতে এসব বস্তু পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিটিটিসির একটি দল।
ডেমরা থানার সার্ভিস ডেলিভারি অফিসার (এসডিও) আসাদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা জানান, সম্প্রতি যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় তদন্তের অংশ হিসেবে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়। ওই অভিযানেই দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়।
পরে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে একটি বস্তু নিষ্ক্রিয় করে। অপরটিও নিষ্ক্রিয় করার কাজ চলছে। এ ঘটনায় বোমা সদৃশ বস্তুসহ একজনকে আটক করা হয়েছে।








