জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে পারভেজ হাওলাদার নামে এক যুবককে হত্যায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো যায় কি না ভেবে দেখতে অনুরোধ করেছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত রবিবার গ্রেফতার দেখানোর শুনানিতে একথা বলেন তিনি।
গত ১৯ অগাস্ট নুরুল ইসলাম সুজনকে পারভেজ হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার এসআই জাকির হোসেন গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আদালত তার উপস্থিতিতে শুনানির দিন রাখেন রবিবার। এ দিন শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। নুরুল ইসলাম সুজনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন।
পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলেন নুরুল ইসলাম সুজন। বিচারকের উদ্দেশ করে তিনি বলেন, ‘একটা মামলায় জামিন হলে আরেক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাচ্ছে। কিন্তু এর (শ্যোন এরেস্ট) ভিত্তি দেখা উচিত। যে দোষী সে সাজা পাক। কিন্তু দুই বছরের আগের এক মামলায় আমাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এজাহারে আমার নাম নেই। আমাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো যায় কি না আপনি একটু ভেবে দেখবেন। যদিও আপনি আপনার জায়গা থেকে পারবেন কি না।’
পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলায় বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ অগাস্ট দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার কাঁচাবাজারের সামনে আন্দোলনে অংশ নেন পারভেজ। এ সময় আন্দোলনকারীদের ওপর হাত বোমা নিক্ষেপ এবং বেপরোয়াভাবে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। একটি গুলি পারভেজের মুখের বাম পাশে লেগে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। পরে তাকে কাছের যাত্রাবাড়ীর সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৫ সালের ১৫ নভেম্বর নিহতের মা সেলিনা বেগম মামলা করেন।









