রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মো. আকিব নামে এক যুবক নিহত হয়েছেন। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার বিকাল ৩ টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা জামাল ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী রোডের পাশের একটি ইলেক্ট্রিক দোকানে আকিবকে ছুরিকাঘাত করে তার বন্ধু রুবেল। তিনি বলেন, সন্ধ্যা ৭ টার দিকে বুদ্ধিজীবী রোডের বটতলা এলাকায় আকিব তার ইলেক্ট্রিক দোকানে ছিলেন। এ সময় রুবেল, রাসেলসহ আরও কয়েকজন বন্ধু তার দোকানে আসেন। তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এরপর রুবেল চলে যায়। রাত ১ টার দিকে রুবেল এসে আকিবের দোকানের শাটারে নক করে। আকিব শাটার খুললে রুবেল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আমি আকিবের চিৎসার শুনে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৩ টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজীব বাংলা ট্রিবিউনকে বলেন, এই ঘটনায় রুবেলের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা আনা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়তে পারে: ‘মেলায় যাই রে’ গানের কথা পরিবর্তন করার দাবি
তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তিনি জানাতে পারেননি।
/এআরআর/ এমএনএইচ/








