রাজধানীর ধানমন্ডিতে স্বর্ণ কেনার কথা বলে ৩৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছিল। গ্রুপটি মোট তিন ভাগে বিভক্ত হয়ে এ ছিনতাই কাজে অংশ নেয়। আলোচিত ওই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের মধ্যে তিনজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। যারা একসময় র্যাবে কর্মরত ছিলেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন।
ডিএমপি জানায়, গত ৩০ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—তানভীর আবেদীন (জুই) (৪১), মো. মজিবুর রহমান (৬০), মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০), মো. সোলায়মান মৃধা (৫৫), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০) মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০) ও সজল চৌধুরী (৩১)।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট দুপুর ২টার দিকে ধানমন্ডি মডেল থানাধীন ১২/এ নম্বর সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর মো. খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে ৮-১০ জনের একটি দল। ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় তানভীর আবেদীন এবং মো. মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা করা হয়। গ্রেফতারকৃত মজিবুর রহমানের তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত চক্রের আরও পাঁচ সদস্য মো. সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন এবং সজল চৌধুরীকে গ্রেফতার করা হয়।
অভিযানে মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিনের কাছ থেকে লুণ্ঠিত ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। সর্বমোট ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ফারুক হোসেন বলেন, স্বর্ণ কেনার কথা বলে তিন ভাগে বিভক্ত হয়ে গ্রুপটি ছিনতাই করে। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য রয়েছে। তারা হলেন, মজিবুর রহমান, জাকির হোসেন ও সোলাইমান। এরা একসময় র্যাবেও ছিলেন।









