২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্তকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। পরে তিনি জানান, ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী মামলার তদন্ত কর্মকর্তা শ্যামল দত্তকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন।
এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে হাজির করার আদেশ দেন।
গত ২৪ আগস্ট তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে এ মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
তবে তিনজনই ভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অন্যদিকে শ্যামল দত্ত জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় অধস্তন আদালতের আদেশে কারাগারে রয়েছেন।









