মামলা তদন্তের ক্ষমতা পেলো এপিবিএন, কাজ করবে মানবপাচার নিয়ন্ত্রণেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭

নতুন আইনের মাধ্যমে মামলা তদন্তের ক্ষমতা পেয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে সব মামলায় তদন্ত করতে পারবে না পুলিশের বিশেষায়িত এই বাহিনী। সরকার, আদালত বা আইজিপির মাধ্যমে ন্যস্ত করা মামলাগুলোই তদন্ত করবে এপিবিএন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান এপিবিএনের ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, ‘নতুন আইনে এপিবিএনের তদন্ত পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য এলাকায় ভৌগোলিক ও বাস্তবতার কারণে জেলা পুলিশের যেসব সীমাবদ্ধতা রয়েছে, সেসব ক্ষেত্রে এপিবিএন তদন্ত করতে পারবে।’

তবে এপিবিএন সব মামলার তদন্ত করবে না জানিয়ে তিনি বলেন, ‘সরকার, আদালত বা আইজিপির মাধ্যমে যেসব মামলা আমাদের ন্যস্ত করা হবে, শুধু সেগুলোই আমরা তদন্ত করব।’

ডিআইজি শাহজাহান বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনের পর ক্যাম্প এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে। দূর-দূরান্তে গিয়ে এসব অপরাধের তদন্ত জেলা পুলিশের জন্য অনেক ক্ষেত্রে জটিল হয়ে ওঠে। এ কারণে সরকারের অনুমতি নিয়ে এপিবিএনের নিরস্ত্র সাব-ইন্সপেক্টরদের ক্যাম্প এলাকায় তদন্তের কাজে যুক্ত করা হয়েছিল। নতুন আইনে এই কার্যক্রমের আইনগত ভিত্তি আরও স্পষ্ট হয়েছে।

নতুন আইনে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আলাদা সেল গঠনের সুযোগ এবং বিমানবন্দরের নিরাপত্তা ও অপরাধ দমনে এপিবিএনের ভূমিকার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে বলে জানান তিনি।

রোহিঙ্গা ক্যাম্পে জনবল সংকট

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়ে ডিআইজি শাহজাহান বলেন, প্রায় ১৮ লাখ মানুষের নিরাপত্তায় বর্তমানে এপিবিএনের প্রায় ২ হাজার ২০০ সদস্য দায়িত্ব পালন করছেন। এত বড় জনগোষ্ঠীর তুলনায় এ জনবলকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাহিনীটি।

তিনি বলেন, ক্যাম্প এলাকায় আরও জনবল দেওয়ার পাশাপাশি নতুন একটি ব্যাটালিয়ন স্থাপনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে মাদক, অস্ত্র, অপহরণ, নারী নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণেও এপিবিএন কাজ করবে।

রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশ ঠেকানোর বিষয়ে তিনি বলেন, এপিবিএনের দায়িত্ব মূলত ক্যাম্পের ভেতরের নিরাপত্তা নিশ্চিত করা। সমুদ্রসীমা ও সীমান্তে কোস্টগার্ড, বিজিবি ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করে।

বিমানবন্দরেও তদন্ত করতে পারবে এপিবিএন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ও পুলিশের এখতিয়ার প্রসঙ্গে ডিআইজি শাহজাহান বলেন, দেশের ভূখণ্ডের অংশ হিসেবে বিমানবন্দরেও পুলিশের এখতিয়ার রয়েছে। বিমানবন্দরে নিরাপত্তা ও অপরাধ দমনের বিষয়টি আলাদাভাবে দেখতে হবে।

তিনি বলেন, ‘বিমানবন্দরের কোনও অংশ পুলিশের এখতিয়ারের বাইরে—এমন ধারণার সুযোগ নেই। বিভিন্ন সংস্থা নিজ নিজ দায়িত্ব পালন করবে এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে কাজ করবে।’

বিমানবন্দরে সংঘটিত অপরাধের তদন্ত এপিবিএন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন আইনে এতে কোনও বাধা নেই। আইন অনুযায়ী এপিবিএন প্রয়োজন মনে করলে বিমানবন্দরে সংঘটিত অপরাধের তদন্ত করতে পারবে।

আগস্টে গ্রেফতার ৮০০, উদ্ধার প্রায় ১০ কোটি টাকার স্বর্ণ

অস্ত্র-মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, মানবপাচারসহ বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে আগস্টে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে এপিবিএন।

বাহিনীটির দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসে বিভিন্ন ইউনিটের অভিযানে ৪ হাজার ৯২৯ গ্রাম স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৩৮৫ টাকা। একই সময়ে বিভিন্ন অপরাধে ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এপিবিএনের অভিযানে ৭৪৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩০টি হ্যাকড ফেসবুক আইডি, ২০টি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, দুটি হ্যাকড ই-মেইল অ্যাকাউন্ট ও একটি হ্যাকড টেলিগ্রাম অ্যাকাউন্ট উদ্ধারের তথ্য জানিয়েছে বাহিনীটি।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ৫৭২ জনকে সহায়তা দেওয়া হয়েছে। বিকাশ ও নগদ প্রতারণার ঘটনায় ৯ লাখ ৪৮ হাজার ৯১৮ টাকা উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ৫২৫ পিস ইয়াবা, ৩ দশমিক ৪৯ কেজি গাঁজা, ৪৩ দশমিক ৭৫ লিটার মদ, ৩৮৭ কার্টন সিগারেট, ২০৯ পিস ভেপ সিগারেট ও মাদক বিক্রির ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা করে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অস্ত্র উদ্ধারের অভিযানে দুটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে আরও ৩৬৯ জনকে গ্রেফতার করেছে এপিবিএন। এর মধ্যে বিভিন্ন মামলায় ২৫ জন ওয়ারেন্টভুক্ত, ১৫ জন এজাহারনামীয় ও ছয়জন সন্দেহভাজন আসামি রয়েছেন। এছাড়া পুলিশ অ্যাসল্ট মামলায় ছয়জন, অন্যান্য মামলায় ৩০ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

জুয়া খেলার অভিযোগে অভিযানে ১৮টি মোবাইল ফোন, চুরি করা দুটি মোবাইল ফোন ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

আগস্টে অভিযানে সৌদি আরবের ৫ হাজার ৬৮৫ রিয়াল, কাতারের ৬০০ রিয়াল, মালয়েশিয়ার ৩ হাজার ২৯০ রিঙ্গিত, অস্ট্রেলিয়ার ১ হাজার ডলার, সংযুক্ত আরব আমিরাতের ৩৫ দিরহাম এবং যুক্তরাষ্ট্রের ৪০ হাজার ডলার উদ্ধার করা হয়েছে। এছাড়া বাংলাদেশি ২ লাখ ৬৪ হাজার ৯৭৬ টাকা উদ্ধার করা হয়।

মানবিক ও অন্যান্য কার্যক্রমের অংশ হিসেবে একজন নিখোঁজ শিশু ও ১৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে এপিবিএন। এসব ঘটনায় দুটি মামলা করে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প এলাকাতেও এপিবিএনের অভিযান অব্যাহত ছিল। আগস্টে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৩টি যানবাহন আটক করে শাহপরীর দ্বীপ হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। এ সময় বিভিন্ন ত্রাণসামগ্রী ও পণ্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনায় মামলা ও গ্রেফতারের তথ্য জানিয়েছে বাহিনীটি।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যে এপিবিএনের বিভিন্ন ইউনিট কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকসেবা সহজ করতে প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও বাড়ানো হবে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
মধ্যরাতে ৩০০ ফিটে পুলিশের অভিযান, আটক ৬
অডিও ফাঁসের পর প্রত্যাহার, এবার ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সেই ওসিকে
গোয়েন্দা ব্যর্থতায় পুলিশের ওপর বাড়তি চাপ
সর্বশেষ খবর
শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া-মধ্যপ্রাচ্যেও শ্রমবাজারে সমস্যা হচ্ছে: জামায়াত আমির
শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া-মধ্যপ্রাচ্যেও শ্রমবাজারে সমস্যা হচ্ছে: জামায়াত আমির
মানহীন ওষুধ ঠেকাতে বাড়ছে নজরদারি
মানহীন ওষুধ ঠেকাতে বাড়ছে নজরদারি
মধ্যরাতে ৩০০ ফিটে পুলিশের অভিযান, আটক ৬
মধ্যরাতে ৩০০ ফিটে পুলিশের অভিযান, আটক ৬
অডিও ফাঁসের পর প্রত্যাহার, এবার ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সেই ওসিকে
অডিও ফাঁসের পর প্রত্যাহার, এবার ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সেই ওসিকে
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম