দুর্নীতির মামলায় সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।
দুদক প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ইমা ক্লেয়ার বার্টন অসৎ উদ্দেশ্যে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও নির্দিষ্ট ছকে সম্পদ বিবরণী কমিশনে জমা প্রদান না করায় অপরাধ করেছেন। এ ছাড়াও তিনি ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনসহ ওই অবৈধ সম্পদ নিজের দখলে রাখার জন্য অপরাধ করেছেন। এজন্য দুদক গত বছরের ৪ জুন মামলা দায়ের করে।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, মামলাসংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। তাছাড়া মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টিসহ গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

অনলাইন নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সচেতনতা বাড়ানোর আহ্বান







