বিনোদন ডেস্ক
‘বালিকা বধূ’ (১৯৬৭) ছবি দিয়ে অল্প বয়সেই সাফল্য পেয়েছিলেন প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বাংলা ও হিন্দি সিনেমার জগতে একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন তিনি। এরপর কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
তবে নিজে অল্প বয়সে বিয়ে করলেও, আজকের যুগের মেয়েদের এবং নিজের মেয়ে মেঘা মুখোপাধ্যায়কে একদম উল্টো রাস্তা দেখাচ্ছেন এই প্রবীণ অভিনেত্রী!
'জাগরণ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬'-এ মৌসুমী আজকের মেয়েদের ‘একটু স্বার্থপর’ হওয়ার এবং নিজের জীবন নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি খোলাসা করে বলেন যে, নিজের মেয়ে মেঘাকে ঠিক কী শিক্ষা দেন।
মৌসুমী বলেন, ‘আমি আমার মেয়েকে বলি— ‘তোর বয়ফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু তার সঙ্গেই বিয়ে করতে হবে এমন কোনও মানে নেই! আজকের মেয়েরা, একটু সাবধান হও। একটু স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হও, কারণ সময় এখন বদলে গেছে। গীতাতেও লেখা আছে— পরিবর্তনই সংসারের নিয়ম।’
তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা এখনও মেয়েদের শ্বশুরবাড়ি সামলানোর শিক্ষা দিই, কিন্তু ছেলেদের সেটা শেখাই না! মেয়েরাই সব কাজ করবে, ছেলেদের কাজ নয়— এই মনোভাব বদলানো উচিত। আজকের প্রজন্ম প্রচণ্ড মানসিক চাপে রয়েছে, তাদের নিজেদের জন্য কোনও সময়ই নেই।’
৭০ বছর বয়সে পৌঁছে মৌসুমীর স্পষ্ট কথা— ‘আমিও নিজের জীবনে ভুল করেছি, কিন্তু একবার বুঝতে পারলে সেই ভুল আর দ্বিতীয়বার রিপিট করিনি। অন্যের কাছে নিজেকে প্রমাণ করার জন্য কিছু করো না।’

ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে



