বগুড়া থেকে নিখোঁজ দুই শিশুকে রাজধানীর সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর শুক্রবার দুপুরে তাদের উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছিল।
উদ্ধার হওয়া শিশু দুজন হলো মো. রিয়ান (১১) ও মো. রনি (১৩)। তাদের মধ্যে রিয়ানের পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে প্রতিবেশী দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগে মো. আশাদুজ্জামান নুর রাছেল বলেন, গত ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে রামশহর পূর্বপাড়ায় নিজ বাসা থেকে রিয়ান ও রনি স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
অভিযোগে আরও বলা হয়, পূর্বশত্রুতার জেরে দুই প্রতিবেশী বিবাদী শিশু দুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখেছে বলে পরিবারের ধারণা। এ বিষয়ে আশপাশের লোকজন জানেন, দেখেছেন ও শুনেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট পলাশ কুমার রায়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনারগাঁও ক্রসিংয়ের দক্ষিণ পাশে পুলিশ বক্সের পেছনের রাস্তায় দুই শিশুকে কান্নারত ও ভীত অবস্থায় দেখতে পান তিনি।
পরে তাদের কাছে গিয়ে খোঁজখবর জানতে চাইলে তারা বাবার সঙ্গে কথা বলতে চায় এবং কান্নাকাটি করতে থাকে। এ সময় তারা জানায়, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাদের চোখ বেঁধে ধরে নিয়ে যায় এবং একটি গোডাউনে আটকে রাখে। পরে তারা সেখান থেকে কৌশলে পালিয়ে আসে।
শিশু দুটির দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে জানা যায়, তাদের বাড়ি বগুড়া জেলায়। গত ১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে তাদের এক শিশুর ঢাকায় অবস্থানরত মামার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর কলাবাগান থানায় শিশু দুটিকে বুঝিয়ে দেওয়া হয়।