১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীত ২০০ প্রার্থীর ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন।
শনিবার (১০ অক্টোবর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সময়সূচি অনুযায়ী, আগামী সোমবার (১২ অক্টোবর) ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে সব প্রার্থীর ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, আগামী শনিবার (১৭ অক্টোবর) প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এদিন মেধাক্রম অনুযায়ী তিনটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ থেকে ৭০তম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ থেকে ১৪০তম এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ১৪১ থেকে ২০০তম মেধাক্রমের প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর ১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সিভিল জজ) ২০০ জনকে সাময়িকভাবে মনোনীত করা হয়।
ফলাফলে বলা হয়েছে, কোনও প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন করলে, যোগ্যতার ঘাটতি থাকলে কিংবা আবেদনপত্রে অসংগতি বা গরমিল পাওয়া গেলে তার মনোনয়ন বাতিল করা হবে। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় কোনও প্রার্থী অযোগ্য ঘোষিত হলে অথবা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে বিরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
কমিশন জানিয়েছে, সাময়িক মনোনয়ন কোনও প্রার্থীর নিয়োগপ্রাপ্তির অধিকার সৃষ্টি করে না। প্রকাশিত ফলাফলে ত্রুটি পাওয়া গেলে বা যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে কমিশন ফলাফল পরিবর্তন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতা সংরক্ষণ করে।