খুলনা জেলায় বিশেষ অভিযান চালিয়ে আট দিনে ২৫৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি হত্যা ও দস্যুতাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
খুলনা জেলা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে ১৯টি মাদক মামলায় ৬৮৮ পিস ইয়াবা, ৫ কেজি ৯০৫ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিচালিত মোটরসাইকেলসংক্রান্ত অভিযানে ১ হাজার ৭৮৫টি মোটরসাইকেল পরীক্ষা করা হয়। এসব অভিযানে ২ হাজার ২৬৩টি মামলা দায়ের এবং ১৫৯ জনকে আটক করার তথ্যও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে রূপসা থানা এলাকায় বিশেষ অভিযানে হত্যা, দস্যুতা ও অস্ত্র মামলার একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে হত্যা মামলার আসামিও রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও তদন্তের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধীদের গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’