বিশ্বজিৎ হত্যা মামলা: আপিল বিভাগের শুনানি ৮ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ অক্টোবর ২০২৬, ১৩:৩২ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৩:৩২

রাজধানীর পুরান ঢাকায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কর্মসূচি চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা পিটিয়ে দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিল বিভাগের শুনানির জন‍্য আগামী ৮ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ অক্টোবর) চেম্বার বিচারপতি রেজাউল হকের আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে বহুল আলোচিত এ হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক।

এরপর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। সেই সঙ্গে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করে আসামিরা।

ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে ২০১৭ সালের ৬ আগস্ট দুই জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের।

আর মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছিলেন সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা টিপু। এছাড়া মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন ও মীর মো. নূরে আলম লিমনকে। অপরদিকে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন থেকে খালাস পান এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফা।

তবে রায়ের বিরুদ্ধে আবেদন না করায় বিচারিক আদালতে যাবজ্জীবনপ্রাপ্ত বাকি ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছিল। তারা হলেন— খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা পরে আপিল করেন। সেই আপিল দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়।

২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ৫ মার্চ ছাত্রলীগের ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
আপিল বিভাগে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে এসআরএফের চিঠি
আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানিতে উঠছে
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
এমিলিয়ানো মার্টিনেজকে হাসপাতালে দেখে কী বললেন আরেক আর্জেন্টাইন 
এমিলিয়ানো মার্টিনেজকে হাসপাতালে দেখে কী বললেন আরেক আর্জেন্টাইন 
অ্যাপল গ্লোবাল টেল’র এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি অর্থদণ্ড
অ্যাপল গ্লোবাল টেল’র এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি অর্থদণ্ড
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
পর্যটন: যেখানে যাচ্ছি, সেখানে বিপদে পড়লে কী হবে?
পর্যটন: যেখানে যাচ্ছি, সেখানে বিপদে পড়লে কী হবে?
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’