কর অঞ্চল-২০ এর নিয়োগ পরীক্ষায় যোগদানপত্র নিতে গিয়ে ধরা পড়া দুই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান রিমান্ডের এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আশরাফুল ইসলাম ও লিখন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোহাম্মদ জাহিদুল হাসান রিয়াদ আসামিদের আদালতে হাজির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট শেখ ফরিদ, নিজাম উদ্দিন ও নোমান জাবেদ রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন।
শুনানিতে শেখ ফরিদ বলেন, ‘মামলার বাদী আসামিদের কাছে অনৈতিক অর্থ দাবি করে। ওই অর্থ দিতে না পারায় আসামিদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় ফাঁসিয়ে দিয়েছে।’
শুনানি নিয়ে আদালত আসামিদের দুই দিনের রিমান্ডের আদেশ দেয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, বৃহস্পতিবার কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০ এর নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অফিস সহায়ক পদে ব্যবহারিক পরীক্ষা না থাকায় শুধুমাত্র মৌখিক পরীক্ষায় ছবি সংরক্ষিত করা হয়েছিল। বৃহস্পতিবার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র গ্রহণের আগে শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকাস্থ কর কমিশনারের কার্যালয়ের কর অঞ্চল-২০ এর দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে দুপুর ২টার দিকে কাগজপত্র যাচাই বাছাইকালে দেখা যায়, আশরাফুল ইসলামের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির কোনও মিল নেই। লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গে তার বর্তমান হাতের লেখার কোনও মিল পাওয়া যায়নি।
লিখনের জায়গায় লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রক্সি দেওয়া প্রার্থী, যার ছবি মৌখিক পরীক্ষার সময় সংরক্ষণ করা হয়েছিল, সেই একই ব্যক্তি উপস্থিত হন এবং তিনি লিখনের নাম উল্লেখ করে একটি যোগদানপত্র জমা করেন। কিন্তু কিছুক্ষণ পর বেলা ৩টার দিকে যখন নতুন যোগদান করা প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, তখন লিখন নামে সম্পূর্ণ ভিন্ন আরেকজন উপস্থিত হন। পরে তার রোল নম্বরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীর ছবি মেলানো হয়। তখন দেখা যায় মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে কোনও মিল খুঁজে পাওয়া যায়নি। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের আশরাফুল ইসলাম জানান, ওই নিয়োগে গত ৯ অক্টোবরের লিখিত পরীক্ষা এবং ১৯ অক্টোবরের মৌখিক পরীক্ষা তিনি নিজে দেননি এবং অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরে ওই প্রেক্ষাপটে তিনি আর যোগদানপত্র দাখিল করেননি।
পরে লিখন জানান, ওই নিয়োগ পরীক্ষার ৯ অক্টোবর লিখিত এবং ১৯ অক্টোবর মৌখিক পরীক্ষা তিনি নিজে দেননি। একজন অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অজ্ঞাত ব্যক্তি তাকে চাকরি দেওয়ার কথা বলেছেন।
এ ঘটনায় কর অঞ্চল-২০ এর উপ করকমিশনার নিপু চন্দ্র দে বৃহস্পতিবারই শেরেবাংলা নগর থানায় মামলা করেন।