ফরাসি খাদ্যের বৈচিত্র্য প্রদর্শন করতে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করছে ‘গ্য দ্য ফ্রান্স’ তথা গুড ফ্রান্স খাদ্য উৎসব। ঢাকার ফ্রান্স দূতাবাসের সঙ্গে পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকার যৌথ উদ্যেগে আয়োজিত হচ্ছে এই খাদ্য উৎসব। ২১ মার্চ দিনব্যাপী চলবে এই উৎসব।
‘গ্য দ্য ফ্রান্স’একটি বার্ষিক অনুষ্ঠান যার লক্ষ্যই হলো,ফরাসি রন্ধনশৈলীর পরিচিতি বাড়ানো। উল্লেখ্য,২০১০ সালে এটি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের এক বিশেষ মর্যাদা লাভ করে। ২০১৫ সাল থেকে গোটা বিশ্বের নানা প্রান্তের রন্ধনশিল্পীরা এই উৎসবে নানান স্বাদের ফরাসি খাবার অতিথিদের আপ্যায়ন করে থাকেন। চতুর্থবারের মত গ্য দ্য ফ্রান্স নামক এই উৎসবে ভোজন রসিকরা পাবেন সুস্বাদু ফরাসি খাদ্যের দেখা।
বিশেষ এই আয়োজনের উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি আনিক বোর্ডিন। সাবেক ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরে’ফেবিয়াস এই উৎসব চালু করেছিলেন। তখন থেকেই সারা বিশ্বে একই দিনে গ্য দ্য ফ্রান্স আয়োজিত হয়ে থাকে। এই আয়োজনে ফ্রান্স এবং ফরাসি সংস্কৃতি সম্পর্কে পাওয়া যাবে ধারণা।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে গ্য দ্য ফ্রান্স চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত। অনিয়ন স্যুপ, সালাদ লিঁওর এর মতো নানা রকমের সুস্বাদু খাবার তৈরি করবেন রন্ধনশিল্পীরা।








