নতুন কিছু শিখতে হলে বয়স অল্প হতে হবে এমন কোনও বাধ্যাধকতা নেই। সাম্প্রতিক এক গবেষণার ফলাফলও এ বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছে। ইউনিভার্সিটি অফ রিভারসাইড ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞানের অধ্যাপক ও গবেষক র্যাচেল উ জানিয়েছেন, বয়স যতোই হোক না কেন, মাত্র ছয়টি সহজ ধাপ অনুসরণ করে নতুন যে কোনও কিছু শেখা সম্ভব মানুষের পক্ষে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনের আলোকে চলুন জেনে নেওয়া যাক সে ছয়টি ধাপ সম্পর্কে-
১. ‘কমফোর্ট জোনের’ বাইরে
প্রথমেই কমফোর্ট জোন বা যে কাজ ও পরিস্থিতিতে আপনি অভ্যস্ত বা স্বস্তি বোধ করেন, সেটির বাইরে নিয়ে আসুন নিজেকে। কারণ নতুন কিছু শেখার সময় শুরুতেই কিন্তু আপনি স্বস্তি বোধ করবেন না, উল্টো অস্বস্তি কাজ করবে। তাই নতুন কিছু শেখার প্রথম ধাপটিই এটি। খুঁজে দেখুন অস্বস্তির মধ্যেও ঠিক কোন বিষয়টির জন্য আগ্রহ কাজ করছে আপনার।
২. শিক্ষকের সন্ধানে
কমফোর্ট জোনের বাইরে নতুন কিছু খুঁজে পেয়েছেন শেখার মতো? পরবর্তী ধাপটি হচ্ছে শিক্ষক খুঁজে বের করা। হতে পারে শিক্ষকটি আপনার চেয়ে বয়সে ছোট, তাতে লজ্জা পাওয়ার কিছু নেই। আবার এমনটাও হতে পারে ইন্টারনেটের মাধ্যমে শিখছেন আপনি। যেভাবেই হোক, যা শিখতে চাচ্ছেন সে বিষয়ে পারদর্শী কোনও শিক্ষক খুঁজে বের করুন। এটি আপনার নতুন কিছু শেখার দ্বিতীয় ধাপ।
৩. নিজের ওপর বিশ্বাস
এই ধাপটি সবচেয়ে কঠিন। নতুন কিছু শেখার মানে হচ্ছে বারবার ভুল করা, ঠেকে শেখা। নিজের ওপর হতাশ হয়ে ওঠাটা খুবই স্বাভাবিক। এ সময় আপনাকে আত্মবিশ্বাস হারালে চলবে না। এই ধাপটি পার করতে পারার অর্থ হচ্ছে, সফলতার দিকে অন্তত ৬০ ভাগ এগিয়ে যাওয়া। তাই পরামর্শ হচ্ছে, নিজের ওপর বিশ্বাস রাখুন।
৪. উৎসাহ যোগাবে এমন মানুষের সংস্পর্শ
নতুন কিছু শেখার সময়, আপনার আশেপাশের অনেককেই সমালোচকের ভূমিকায় দেখতে পাবেন। এতে আঁতকে ওঠার কিছু নেই। এক্ষেত্রে আপনার কাজটি হবে, তাদেরকে খুঁজে বের করা যারা আপনার গঠণমূলক সমালোচনা করছেন এবং উৎসাহ যোগাচ্ছেন। তাদের সংস্পর্শে থাকুন। এতে করে আখেরে লাভবান হবেন।
৫. নিজের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা এবং প্রতিজ্ঞা রক্ষা
নিজের সঙ্গে নিজে প্রতিজ্ঞা করুন, যতো প্রতিবন্ধকতাই আসুক না কেন, হাল ছাড়া চলবে না। এতে করে প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার বিষয়টি সহজ হয়ে আসবে। নতুন কিছু শিখতে গেলে প্রতিবন্ধতা থাকবেই, সেগুলো পার না হতে পারলে হয়তো হতাশ হয়ে মাঝপথেই হাল ছেড়ে দেবেন এবং শিখতে পারবেন না। প্রতিজ্ঞা করা সহজ হলেও তা ধরে রাখা কঠিন, নিজের সঙ্গে করা প্রতিজ্ঞা রক্ষা করুন।
৬. একটি নয় একাধিক
একই সময়ে একটি নয় একাধিক বিষয় সম্পর্কে শেখার চেষ্টা করুন। এটিও এক ধরনের কৌশল। দেখা যাবে, চারটি বিষয় আকর্ষণীয় মনে হচ্ছে শুরুতে, মাঝপথে এসে দেখলেন ভালো লাগছে দুটি এবং পরবর্তীতে দেখবেন শেখা শেষ করতে পেরেছেন একটি। এতে করে অন্তত একটি নতুন বিষয় সম্পর্কে শিখতে পারবেন।
সূত্র: টাইম ম্যাগাজিন








