মিষ্টি কুমড়ার ভেতরে থাকা নরম অংশটি আমরা কেটে ফেলে দিই। এই অংশে থাকে বিচি, যা পুষ্টিগুণে অনন্য। এই নরম অংশ বা কুমড়ার আতি দিয়ে মজার মজার আইটেম করে ফেলতে পারেন। জেনে নিন মিষ্টি কুমড়ার নরম অংশ দিয়ে কী কী বানানো যায়।
পাকোড়া
এক ফালি মিষ্টি কুমড়ার উপরের নরম অংশ কেটে নিয়ে নিন বীজসহ। পানি দিয়ে ধুয়ে নিন পরিষ্কার করে। স্বাদ মতো লবণ, অল্প চিনি, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, কাঁচা মরিচ কুচি ও পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিন। কয়েক টেবিল চামচ পানি দিয়ে আঠালো মিশ্রণ বানিয়ে নিন। সরিষার তেল গরম করে মচমচে করে ভেজে তুলুন মজার পাকোড়া।
ভর্তা
একটি মিষ্টি কুমড়া থেকে নরম অংশ কেটে নিয়ে নিন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে অল্প তেল গরম করে এপিঠ-ওপিঠ টেলে নিন। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ ও চিনি, কাঁচা মরিচ কুচি, সরিষার তেল এবং ধনেপাতা কুচি দিয়ে ভর্তা করে নিন।









