টাটকা গাজর কুচি করে বানিয়ে ফেলতে পারেন মজাদার পুডিং। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অনন্য। জেনে নিন রেসিপি।
চুলার লো মিডিয়াম আঁচে প্যান বসান। ২ কাপ মিহি করে কুচানো গাজর ও দেড় কাপ তরল দুধ দিন। ২ টেবিল চামচ কাজু বাদাম কুচি ও ১ চিমটি লবণ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন ৫ থেকে ৭ মিনিটের জন্য। মাঝে একবার নেড়ে দেবেন। একটু ভেজা থাকা অবস্থায় নামিয়ে নিন চুলা থেকে। ঠান্ডা হলে ব্লেন্ড করুন। মিশ্রণটি একটি প্যানে নিয়ে ২ কাপ তরল দুধ দিয়ে দিন। ১/৪ কাপ গুঁড়া দুধ ছিটিয়ে নেড়ে নিন। স্বাদ মতো চিনি দিয়ে নাড়তে থাকুন। চিনি গলে গেলে দেড় টেবিল চামচ আগার আগার পাউডার আধা কাপ দুধে গুলে দিয়ে দিন। বলক চলে আসলে ১ চা চামচ ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিন। পুডিং বসানোর মোল্ডে তেল ব্রাশ করে বাদাম কুচি ছিটিয়ে দিন। এরপর ঢেলে দিন চুলা থেকে নামানো মিশ্রণ। রুমের তাপমাত্রায় এক থেকে দেড় ঘণ্টা কিংবা ফ্রিজে আধা ঘণ্টা রেখে এরপর পরিবেশন করুন।
ছবি: ফারজানা’স রেসিপি









