শুরু হচ্ছে নতুন একটি বছর। নতুন বছরের প্রথম দিন বানিয়ে ফেলতে পারেন মিষ্টি আইটেম। থাকছে কেক ও মিষ্টির রেসিপি।
অরেঞ্জ কেক
কয়েকটি কমলার খোসা ছাড়িয়ে নিন। কোয়া না ছাড়িয়ে গোলাকার কমলার মাঝ বরাবর কেটে অর্ধেক করুন। বিচি বের করে নিন এরপর। একটি বাটিতে দুটি ডিম, আধা কাপ তেল, স্বাদ মতো চিনি ও অল্প একটু ভ্যানিলা এসেন্স মিশিয়ে একসঙ্গে ফেটিয়ে নিন। ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নেবেন। মিশ্রণটি ঘন হয়ে রঙ বদলে ফেললে চালুনি দিয়ে চেলে দেড় কাপ ময়দা ও ১ চা চামচ বেকিং পাউডার মেশান। আধা কাপ দুধ দিয়ে আবারও ফেটে নিন। কেকের মোল্ডে কেটে রাখা কমলার কোয়াগুলো পাশাপাশি রেখে ওপরে ঢেলে দিন কেকের ব্যাটার। ১৪০ ডিগ্রি তাপমাত্রায় ৩৫ থেকে ৪০ মিনিট বেক করুন।
গোলাপজাম মিষ্টি
২টি ডিম ফেটিয়ে নিন ভালো করে। ১ কাপ গুঁড়া দুধের সঙ্গে ২ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ সুজি ও ১ চা চামচ বেকিং পাউডার মিশিয়ে নিন। ১ টেবিল চামচ ঘি দিয়ে মেখে নিন সব। অল্প অল্প করে ডিম দিয়ে সব উপকরণ মাখতে থাকুন। আঠালো ডো তৈরি হলে ১৫ মিনিট রেখে দিন। এরপর হাতে তেল অথবা ঘি মেখে ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে বল তৈরি করুন। বেশি বড় আকৃতি করবেন না। কারণ ভাজা ও সিরায় ডোবানোর পর এর আকৃতি অনেকটুকুই বড় হবে।
চুলায় প্যান বসিয়ে ২ কাপ পানির সঙ্গে ২ কাপ চিনি মিশিয়ে জ্বাল দিন। মাঝারি আঁচে রেখে দিন প্যান। বলক চলে আসলে ১ চিমটি জাফরান ও ১ চা চামচ লেবুর রস দিয়ে জ্বাল একদম কমিয়ে ঢেকে রেখে দিন। অন্য চুলায় তেলে ভেজে নিন মিষ্টি। একটু সময় নিয়ে ভাজতে হবে মিষ্টি। দুই পাশ বাদামি হয়ে গেলে উঠিয়ে অন্য চুলায় রাখা গরম সিরায় মিষ্টি দিয়ে দিন। চুলার আঁচ মিডিয়াম করে প্যান ঢেকে দিন। ৫ মিনিট পর চুলা বন্ধ করে দিন। ১ ঘণ্টা পর পরিবেশন করুন মজাদার গোলাপজাম মিষ্টি।









