কিনে আনার পর দিন না ঘুরতেই লিচু নষ্ট হয়ে যেতে শুরু করে। ফলটির সতেজ ভাব কমতে শুরু করে খুব দ্রুত। সঙ্গে সঙ্গে না খেলে খোসা শুকিয়ে যায় কিংবা পচে যায় লিচু। কীভাবে সংরক্ষণ করলে বেশ কয়েকদিন পর্যন্ত তাজা থাকবে লিচু? জেনে নিন টিপস।
১। বোঁটা ছিঁড়বেন না
লিচু সবসময় বোঁটা ও পাতাসহ বিক্রি হয়। সংরক্ষণ করতে চাইলে বোঁটাসহই রেখে দেবেন। বোঁটা ছিঁড়ে ফেললে দ্রুত নষ্ট হয়ে যায় লিচু।
২। ঠান্ডা পানিতে রাখুন
ঠান্ডা পানিতে লিচু রাখলে তা ২ থেকে ৩ দিন পর্যন্ত সতেজ থাকবে। একটি পাত্রে ঠান্ডা পানি ভরে বোঁটাসহ লিচু রেখে দিন। লিচুর উপরিভাগে কোনও ধরনের রাসায়নিকের উপস্থিতি থাকলে সেটাও দূর হবে।
৩। লিচু ভালো করে শুকিয়ে নিন
অতিরিক্ত আর্দ্রতা লিচুর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ। লিচুতে পানির পরিমাণ বেশি থাকে, ফলে রস বের হয়ে যায় দ্রুত। লিচু কেনার পর সেগুলো ভালোভাবে ধুয়ে বাতাসে শুকিয়ে নিন। এরপর কাগজে মুড়িয়ে সংরক্ষণ করুন।
আরও পড়তে পারেন: লিচু খেলে যেসব রোগ থেকে দূরে থাকা যায়
৪। অতিরিক্ত পাকা লিচু আলাদা করে ফেলুন
একগুচ্ছ লিচুর মধ্যে অতিরিক্ত পাকা লিচু দেখলে সেগুলো আলাদা করে ফেলুন। কারণ এগুলো দ্রুত নষ্ট হয়ে যায় এবং আশেপাশের লিচুগুলোও নষ্ট হওয়া শুরু করে। শাকসবজির সঙ্গেও লিচু সংরক্ষণ করবেন না।
৫। প্লাস্টিকের ব্যাগে রাখবেন না
প্লাস্টিকের ব্যাগে লিচু রাখবেন না। প্লাস্টিকের ব্যাগে লিচু দ্রুত গরম হয়ে নষ্ট হয়ে যায়। কাগজের ব্যাগে মুড়ে ফ্রিজে রেখে দিন লিচু।
তথ্য: এনডিটিভি









