ডিগ্রি অর্জন করেই সঙ্গে সঙ্গে চাকরি মিলবে- এমন চিন্তা করলে আপনি পিছিয়ে যেতে পারেন অনেকখানি। চাকরির বাজার ভীষণ কঠিন। প্রাতিষ্ঠানিক ডিগ্রির পাশাপাশি সুনির্দিষ্ট দক্ষতা না থাকলে চাকরি পাওয়া সহজ নয়। নিজের আত্নবিশ্বাস বাড়াতে ও চাকরির বাজারের জন্য নিজেকে প্রস্তুত করতে অর্জন করুন কিছু গুণাবলি ও দক্ষতা।
১। প্রযুক্তির সঙ্গে বন্ধুত্ব
অনেক কাজই অদূর ভবিষ্যতে অটোমেটেড হয়ে যাবে। প্রযুক্তির বদল ঘটবে, নিত্যনতুন প্রযুক্তির প্রয়োগও হবে। কাজেই প্রযুক্তির সঙ্গে যদি বন্ধুত্ব না থাকে, এখন থেকেই তা করার সময় এসেছে। প্রয়োজনে কিছু শর্ট কোর্স করে ফেলতে পারেন। ভিডিও এডিটিং, ফটোশপের কাজ, এক্সেলের কাজ জানা থাকলে এই বাজারে চাকরি পেতে বেশ সুবিধা হবে।
২। সৃজনশীলতা
আপনার মধ্যে সৃজনশীলতা থাকলে চাকরি পাওয়া এবং সেটাকে ধরে রাখার ক্ষেত্রে পাবেন বাড়তি সুবিধা। নতুন নতুন আয়ডিয়া বের করা, সেগুলো নিয়ে সঠিকভাবে কাজ করার গুণ চর্চায় রাখুন সর্বদা।
৩। বিশ্লেষণী ক্ষমতা
দূরদর্শিতা বা বিশ্লেষণী ক্ষমতা আপনার ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ, নিরপেক্ষ ও যুক্তিসঙ্গতভাবে ভাবার ক্ষমতা, এসবই জরুরি ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে।
৪। নেতৃত্বদানের ক্ষমতা
অন্যকে অনুপ্রাণিত করা বা অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার গুণ থাকলে সেটি আপনার সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাড়তি যোগ্যতা হিসেবে কাজ করবে।
৫। নতুন নতুন দক্ষতা অর্জন করার ইচ্ছা
মনে রাখবেন শেখার কোনও শেষ নেই। সবসময় নতুন দক্ষতা অর্জনে সচেষ্ট থাকতে হবে। এতে যেমন চাকরির বাজারে মিলবে বাড়তি সুবিধা, তেমনি বাড়বে আত্নবিশ্বাস।
তথ্য: ফেমিনা ইন








