খুব সহজে রান্না করার জন্য নন-স্টিক কুকওয়্যারের বিকল্প নেই। এতে রান্না যেমন মসৃণ হয়, তেমনি তেলের ব্যবহারও কম লাগে। তবে সময় মতো এসব পাত্র বাতিল করাও ভীষণ জরুরি। বিশেষজ্ঞ রন্ধনশিল্পীদের মতে, ননস্টিক প্যান বা হাঁড়ির সেলফ লাইফ ৫ বছর। প্রতিদিন বা সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করলে নিরাপদ এবং সুস্থ থাকার জন্য প্রতি ৪-৫ বছর পরে ননস্টিক প্যানটি বদলানো প্রয়োজন। এর আগেও বদলানোর দরকার হতে পারে প্যান। জেনে নিন কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন ননস্টিক প্যান বাতিল করার সময় চলে এসেছে।
- ননস্টিক প্যান পলিটেট্রাফ্লুরোইথিলিন (পিটিএফই) নামক উপাদান দিয়ে আবৃত থাকে। উচ্চ তাপমাত্রায় উপাদানটি বিষাক্ত ধোঁয়া ছাড়তে পারে, যার মধ্যে পারফ্লুরোওকটানোয়িক অ্যাসিড (পিএফওএ) রয়েছে। এই ধোঁয়া 'পলিমার ফিউম ফিভার' নামে পরিচিত এক ধরনের ফ্লুর কারণ হতে পারে। তাছাড়া পিটিএফই সময়ের সাথে সাথে খারাপ হতে পারে। তাই ননস্টিকের উপরের অংশ থেকে অতিরিক্ত ধোঁয়া বের হচ্ছে এমন মনে হলে সেটি আর ব্যবহার করবেন না।
- প্যানের গায়ের মসৃণ আবরণটি যদি রুক্ষ হয়ে পড়ে এবং উঠে আসতে থাকে তবে সেটি বাতিল করে দিন। নাহলে আবরণের ধ্বংসাবশেষ খাবারের সঙ্গে মিশে স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
- দীর্ঘদিন ব্যবহারের ফলে বা অতিরিক্ত ব্যবহারের ফলে ননস্টিক প্যান স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে, যা পরিষ্কার করলেও যায় না। এমন দেখলে অবশ্যই সেটি আর ব্যবহার করবেন না।
- ননস্টিক প্যান টেফলন নামক উপাদান ব্যবহার করে তৈরি করা হয় যাতে এক ধরনের অ্যাসিড রয়েছে। এটি বিপজ্জনক মানবসৃষ্ট রাসায়নিক। তাই প্যানের আবরণে স্ক্র্যাচ স্পষ্ট হয়ে উঠলে দ্রুত বদলে নিন সেটি।
- ননস্টিক প্যানে খাবার রান্নার সময় বারবার আটকে গেলে সেটা বাতিল করার কথা ভাবতে পারেন।









