উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে। আগামীকাল বড়দিন। সান্তা ক্লজ, উপহার সামগ্রী আর বর্ণিল আয়োজন নিয়ে প্রস্তুত নামজাদা হোটেলগুলো। দিনটি উদযাপন করতে ঘুরে আসতে পারেন তারকা হোটেলগুলোর আয়োজন থেকে।
র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন
আজ ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ উদযাপন করতে ডিনারের আয়োজন করেছে হোটেলটি। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ১১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রাতের খাবার উপভোগ করতে পারবেন জনপ্রতি ৭ হাজার ৫০০ টাকায়। আগামীকাল অর্থাৎ বড়দিনে বসবে শিশুদের আসর ‘হলি-জলি কিডস ক্রিসমাস’। চলবে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আয়োজনে থাকবে ম্যাজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সান্তা ক্লজের উপহার। শিশুদের জন্য থাকছে হরেক রকম ফলের জুস, চিকেন পাফ, পপকর্ন ও আইসক্রিম। এখানে প্রবেশ করতে খরচ পড়বে ১ হাজার ৯০০ টাকা।
ঢাকা রিজেন্সি হোটেল
শিশুদের জন্য ক্রিসমাস কিডস পার্টির আয়োজন থাকছে ঢাকা রিজেন্সি হোটেলে। গ্রিল অন দ্য স্কাইলাইনে ২৫ ডিসেম্বর এই আয়োজন চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শিশু কিশোরদের জন্য এ আয়োজনে থাকবে ক্ষুদে গানরাজের চ্যাম্পিয়ন শিল্পীদের গান ও মজার মজার সব ম্যাজিক । এখানে আরও থাকবে টয় ট্রেন, বাউন্সি হাউস, বল হাউসসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে হাজির হবেন সান্তা ক্লস তার নানান উপহার ও আরও কিছু চমক নিয়ে।
এছাড়া গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে মজাদার খাবারের আয়োজন। ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে রাতের ব্যুফে খাবারের আয়োজন। প্রধান আকর্ষণ হিসেবে থাকবে একটি বিশাল ওভেন-রোস্ট টার্কি যা, হোটেলের গুড়মে শেফ নিজেই লাইভ স্টেশন থেকে অতিথিদের পরিবেশন করবেন। সাথে ব্যুফে মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
বড়দিন উপলক্ষে হোটেলের পুলের পাশে বসবে ‘ক্রিসমাস ব্রাঞ্চ পার্টি’। থাকবে বিভিন্ন ফান রাইড ও ঘোড়ায় চড়া এবং গেম খেলার সুযোগ। মিনি ট্রেন ভ্রমণের সুযোগও থাকবে। মেরি গো রাউন্ড, সান্তা ক্লজের সঙ্গে সেলফি তোলার আয়োজন ছাড়াও মিলবে মিকি এবং মিনির সাক্ষাৎ। সঙ্গে আছে বিশেষ র্যাফল ড্রসহ উপভোগ্য আরও অনেক কিছু। সকাল নয়টা থেকে প্রবেশ করতে পারবেন অতিথিরা। টিকিটের দাম পড়বে ৩ হাজার ৫০০ টাকা।
দ্য ওয়েস্টিন ঢাকা
শিশুদের নিয়ে আনন্দ উদযাপন করতে চাইলে চলে যেতে পারেন দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলের কিডস পার্টিতে। ইনডোর অ্যাক্টিভিটি ছাড়াও সান্তা ক্লজের পক্ষ থেকে সারপ্রাইজ উপহার থাকবে আয়োজনে। দুই বছরের উপরে সবার জন্য টিকিট মূল্য পড়বে ২ হাজার টাকা। এছাড়া ৮ হাজার ৪৫০ টাকায় থাকছে বিশেষ বুফে ডিনার।
লা মেরিডিয়ান ঢাকা
বড়দিন উপলক্ষে শিশুদের জন্য পুলপার্টির আয়োজন করেছে পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান। একজন শিশুর সঙ্গে একজন অভিভাবক প্রবেশ করতে পারবেন ২ হাজার ৫০০ টাকায়। এছাড়া হোটেলটির প্রতিটি রেস্টুরেন্টেই থাকছে ক্রিসমাসের বিশেষ বুফের ব্যবস্থা।








