স্বাস্থ্যকর অভ্যাস ও সঠিক পুষ্টি গ্রহণের উপর নির্ভর করে আমাদের সার্বিক সুস্থতা। তাই নতুন বছরের শুরুতেই জীবনধারার কিছু পরিবর্তন এনে ফেলতে পারেন। জেনে নিন কোন কোন অভ্যাস দ্রুত আয়ত্ত করে ফেললে সুস্থভাবে কাটাতে পারবেন বছরটি।
১। হাইড্রেশনকে প্রাধান্য দিন
সামগ্রিক সুস্থতার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া অপরিহার্য। কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন, নির্দিষ্ট সময় পর পর পানি খেতে ভুলবেন না। কাজের টেবিলে একটি পানির বোতল রাখতে পারেন। বাইরে যাওয়ার সময় ব্যাগে পানির বোতল ক্যারি করুন। পানির পাশাপাশি পানি সমৃদ্ধ ফল, সবজি ও স্যুপও রাখবেন খাদ্যতালিকায়।
২। পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করুন
বিভিন্ন ধরনের ফল, সবজি, গোটা শস্য এবং চর্বিহীন প্রোটিন অন্তর্ভুক্ত করুন খাদ্য তালিকায়। এই পুষ্টিকর খাবারগুলো প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করে, যা আপনাকে সুস্থ রাখবে।
৩। মাইন্ডফুল ইটিং জরুরি
ধীরগতিতে খাবার খান এবং মনযোগ ধরে রাখুন পরিপূর্ণভাবে। খাবারের স্বাদ নিন সম্পূর্ণভাবে। এই অভ্যাসটি যেমন খাবার উপভোগ করতে সাহায্য করবে, তেমনি ক্ষুধা এবং পেট ভরে যাওয়ার বিষয়টি সম্পর্কেও আপনাকে সচেতন করবে।
৪। সুষম খাবার খান
সুষম খাবারের জন্য পরিকল্পনা তৈরি করুন যাতে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বির মিশ্রণ অন্তর্ভুক্ত থাকে। বিভিন্ন রঙের সবজি ও ফল দিয়ে খাবার প্লেটসাজান।
৫। অ্যাক্টিভ থাকুন
শারীরিক কার্যকলাপ একটি স্বাস্থ্যকর জীবনধারার জন্য গুরুত্বপূর্ণ। হাঁটা, নাচ বা যোগ অনুশীলন হতে পারে আপনার পছন্দের ব্যায়াম। সেগুলো করতে পারেন নিয়মিত। শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিকভাবেও ভালো রাখবেন ব্যায়াম।
৬। ঘুমকে প্রাধান্য দিন
ঘুম সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সামঞ্জস্যপূর্ণ ঘুমের রুটিন স্থাপন করুন, একটি আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করুন এবং প্রতি রাতে সাত থেকে নয় ঘণ্টা ঘুমান।
৭। ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন
ইতিবাচক মানসিকতা গড়ে তোলা মানসিক সুস্থতার জন্য জরুরি। কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস অনুশীলন করুন। সমাধান সম্ভব এমন মানসিকতার সাথে চ্যালেঞ্জ মোকবিলা করুন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি স্বাস্থ্যকর ও সুখী জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৮। চিনি খাওয়ার পরিমাণ কমান
যোগ করা শর্করার ব্যাপারে সতর্ক হোন। চিনি আছে এমন খাবার এবং পানীয় এড়িয়ে চলুন। মিষ্টি খেতে ইচ্ছে হলে প্রাকৃতিক মিষ্টি আছে এমন খাবার বেছে নিন।
তথ্যসূত্র: ফেমিনা









