মাইক্রোওয়েভ ওভেনে খুব সহজেই বানিয়ে ফেলা যায় মজাদার কেক-বিস্কুট। আবার ঝটপট বিভিন্ন আইটেম রান্না করতেও জুড়ি নেই এর। এগুলো ছাড়াও হেঁশেলের কাজ সহজ করতে মাইক্রোওয়েভ ব্যবহার করতে পারেন নানাভাবে। জেনে নিন টিপস।
- অনেক রান্নায় বাদাম প্রয়োজন হয়। কাঠবাদাম আগে থেকে পানিতে ভিজিয়ে রাখতে ভুলে গেলে কাজে আসতে পারে মাইক্রোওয়েভ। একটি বাটিতে পানি নিয়ে কাঠবাদাম ভিজিয়ে নিন। এবার এই বাটি দুই মিনিটের জন্য মাইক্রোওয়েভ করুন। সহজেই বাদামের খোসা খোলা সম্ভব হবে।
- ব্রেডক্রাম্ব শেষ হয়ে গেলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন মাইক্রোওয়েভে। পাউরুটির বাইরের শক্ত অংশ ফেলে বাকি অংশ ছোট টুকরা করে কেটে একটি প্লেটে ছড়িয়ে মাইক্রোওয়েভে দিন। ৩ মিনিটের জন্য চালু ওরে দিন ওভেন। এরপর উল্টেপাল্টে আরও এক মিনিট রাখুন। টুকরোগুলো গ্রিন্ডারে গুঁড়া করে নিন।
- লেবু থেকে পুরোপুরি রস বের করা বেশ সময়সাপেক্ষ কাজ। একটি বাটিতে লেবু দু’টুকরো করে কেটে মাইক্রোওয়েভে ২০ সেকেন্ড ঘুরিয়ে নিন। দেখবেন সহজেই লেবুর রস বেরিয়ে আসছে।
- আলু ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। কাঁটাচামচ দিয়ে কিছু ছিদ্র করে নিন আলুতে। ২ মিনিট ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভ করুন। এরপর আলুগুলো উল্টে দিয়ে আরও ২ মিনিট ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে দিন। সেদ্ধ হয়ে যাবে আলু।
- দ্রুত রসুনের খোসা ছাড়ানোর জন্য এক মিনিট মাইক্রোওয়েভে রেখে দিন।
- বয়ামের চিনি শক্ত হয়ে গেলে ব্যাগে ঢালুন। টিস্যু পেপার ভিজিয়ে চিনির ব্যাগে দিয়ে ২৫ সেকেন্ড রাখুন ওভেনে। টিস্যুর পানি চিনির দলা ভাঙতে সাহায্য করবে।
- পেঁয়াজের খোসা ছাড়িয়ে আগা ও গোড়ার অংশ ফেলে দু’টুকরো করে নিন মাঝ দিয়ে। ৩০ সেকেন্ডের জন্য পেঁয়াজগুলো মাইক্রোওয়েভে গরম করে নিন। এরপর কাটলে আর চোখে পানি আসবে না।
- টমেটোর উপরের ত্বক সহজেই ছাড়িয়ে নিতে চাইলে ছুরি দিয়ে আড়াআড়ি একটু দাগ দিয়ে মাইক্রোওয়েভে রাখুন দেড় মিনিটের জন্য।
- চিড়াভাজা, চানাচুর কিংবা আলুর চিপস অনেক দিন বাসায় থাকলে কিংবা ঠিক মতো সংরক্ষণ করা না হলে নরম হয়ে যায়। তখন ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। এ ক্ষেত্রে একটি পেপার ন্যাপকিনে সেগুলো মুড়ে ৩০ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করে নিন। আবার মচমচে হয়ে যাবে মুখোরোচক খাবারগুলো।
- ডিপ ফ্রিজ থেকে মাছ-মাংস বের করতে মনে নেই? প্রি হিট মাইক্রোওয়েভে কিছুখকন রেখে বের করুন। বরফ গলে যাবে সহজে।
- মাইক্রোওয়েভ ওভেনে খুব সহজেই পপকর্ন বানিয়ে নিতে পারেন। এজন্য একটি মাইক্রোওয়েভ প্রুফ বাটিতে ভুট্টা, সামান্য তেল বা বাটার এবং লবণ নিয়ে ঢেকে দিয়ে দিন ওভেনে। পুরোপুরি ঢাকবেন না বাটি, সামান্য খোলা রাখবেন। ৩ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে পপকর্ন।









