শীতের রেশ এখনও রয়ে গেছে। কিন্তু তারপরেও জুতার দুর্গন্ধ যেন পিছুই ছাড়ছে না। পা ঢাকা জুতা দীর্ঘক্ষণ পরে থাকলে অনেক সময় পায়ে ব্যাকটেরিয়া জন্মায়। মোজা পরলে সমস্যা আরও বাড়ে। অনেকের শীতকালেও পা ঘামে। আর ঘামের কারণে জন্মানো ব্যাকটেরিয়াই এই দুর্গন্ধের মূল কারণ। জেনে নিন জুতার দুর্গন্ধ থেকে মুক্তি পেতে কী করবেন।
- এক কাপের চার ভাগের এক ভাগ বেকিং সোডা, সমপরিমাণ বেকিং পাউডার এবং আধা কাপ কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে নিন। মোজায় মিশ্রণটি ছড়িয়ে দিন। জুতার ভেতরেও দেবেন। এতে কমবে দুর্গন্ধের প্রকোপ।
- জুতা সবসময় শুষ্ক স্থানে রাখুন। তবে পর্যাপ্ত বাতাস যেন চলাচল করে সেখানে।
- জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন রাতে।। পরদিন সেটি বের করে জুতা পরুন। গন্ধ দূর হবে জুতার।
- সমপরিমাণ সাদা ভিনেগার এবং পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। জগিং শেষে জুতা খুলে ভেতরে স্প্রে করে দিন। মিনিট পাঁচেক শুকাতে দিন।
- স্নিকার দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন।
- এসেনশিয়াল অয়েল শুধু সুগন্ধ ছড়ায় না, ছোটখাট সংক্রমণ দূর করতেও এগুলো কার্যকর। জুতার মধ্যে টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার অয়েল বা লবঙ্গ তেল কয়েক ফোঁটা দিয়ে দিন।
- জুতার ভেতরে ছিটিয়ে দিতে পারেন খানিকটা বেকিং সোডা। বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পা পরিষ্কার রাখতে সহায়তা করে এবং পায়ে ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। এতে করে পা অতিরিক্ত ঘেমে যাওয়া এবং পায়ে বিশ্রী দুর্গন্ধ হওয়ার সমস্যা আর থাকে না।
- সবসময় সুতি ও পরিষ্কার মোজা পরবেন। প্রতিদিনের মোজা প্রতিদিন ধুয়ে দেবেন।
- শুকনা টি ব্যাগ সারারাত রেখে দিন জুতা মধ্যে। দূর হবে দুর্গন্ধ।









