দেশীয় বস্ত্রের সমৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ফ্যাশন উদ্যোগ- বৈশাখী ফ্যাশন শো ১৪২৩। প্রাণ লেয়ার-এর পৃষ্ঠপোষকতায় গতকাল ৯ এপ্রিল সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজাতে অনুষ্ঠিত হয় এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘ফ্যাশন মূলত তরুণদের জন্য। তবে সেখানে জায়গা আছে সবার। পহেলা বৈশাখ একটি অসাম্প্রদায়িক উৎসব। গত কয়েক বছরে এই উৎসবের সঙ্গে পোশাকও যুক্ত হয়েছে। যা আমাদের ঐতিহ্যের বাইরে নয়।’
ফ্যাশন এন্টারপ্রেনারস এসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি) আয়োজিত ফ্যাশন শোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট জনাব আব্দুল মতলুব আহমাদ ও অভিনেতা আফজাল হোসেন। ফ্যাশন শো শেষে ব্যান্ড দল জলের গান আসর মাতায় সংগীতে। এছাড়া বাঙালির জীবন সংস্কৃতিতে দেশীয় ফ্যাশন শিল্পের বিকাশ নিয়ে আলোচনা উপস্থাপন করেন শিক্ষাবিদ বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর।
কোরিওগ্রাফার আজরা মাহমুদ-এর কোরিওগ্রাফিতে ফ্যাশন শো তে অঞ্জন’স, দেশাল, নিপুন, এ বি ফ্যাশন মেকার, এম ক্র্যাফট, বিবিয়ানা, কে ক্রাফট, রঙ বাংলাদেশ, সাদাকালো, টাঙ্গাইল শাড়ি কুটির, মিয়বিবিসহ এফইএবি-এর সদস্য প্রতিষ্ঠানের পোশাকে র্যাম্পের রানওয়েতে হাঁটেন মডেলরা।
/এনএ/








