মেঘের দিকে শেষ কবে মন দিয়ে তাকিয়েছেন? মনে করতে না পারলে আজই একবার আকাশের দিকে তাকিয়ে দেখুন। মাথার ওপর দিয়ে দিব্যি ভেসে যাচ্ছে তুলোর মতো সাদা মেঘ, কোথাও আবার কালো মেঘের আনাগোনা। অথচ আমরা ব্যস্ত মানুষ, মেঘ দেখার সময় কোথায়! ফোনে চোখ, হাতে কাজ, মাথায় হাজার চিন্তা। আকাশের দিকে তাকানোর কথাই যেন ভুলে গেছি।
এই ভুলে যাওয়া অভ্যাসটাই একটু বদলাতে চায় আন্তর্জাতিক মেঘবন্দনা দিবস। আজকের এই দিনটি মানুষকে কিছুক্ষণের জন্য সব ব্যস্ততা ভুলে আকাশের দিকে তাকাতে, মেঘের বিচিত্র আকৃতি দেখতে এবং তার সৌন্দর্য উপভোগ করতে উৎসাহিত করে।
এই দিবসের আয়োজক মেঘপ্রেমী সমিতি। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই দিনে মেঘের ছবি তোলেন, মেঘ দেখে কী অনুভূতি হলো তা জানান এবং নিজেদের দেখা আকাশের গল্প ভাগ করে নেন। ফলে সাদামাটা মেঘও হয়ে ওঠে গল্প, কল্পনা আর সৃজনশীলতার উৎস।
মেঘবন্দনা দিবসের শুরু যেভাবে
মেঘকে ভালোবাসার এই আয়োজনের পেছনে রয়েছেন যুক্তরাজ্যের লেখক গ্যাভিন প্রিটর-পিনি। ২০০৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন মেঘপ্রেমী সমিতি। তার উদ্দেশ্য ছিল আকাশের মেঘ দেখতে ভালোবাসেন এমন মানুষদের এক জায়গায় নিয়ে আসা।
এখানে বিজ্ঞানী, শিল্পী বা আবহাওয়াবিদ হওয়ার কোনও শর্ত নেই। মেঘ দেখে যার ভালো লাগে, তিনিই এই দলের সদস্য হওয়ার যোগ্য। সময়ের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই মেঘপ্রেমের সঙ্গে যুক্ত হতে থাকেন।
২০২২ সালে সমিতিটি প্রথম আনুষ্ঠানিকভাবে মেঘবন্দনা দিবস আয়োজন করে। সেদিন মানুষকে কিছুক্ষণের জন্য থেমে আকাশের দিকে তাকাতে এবং যা দেখেছেন, তা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে বলা হয়। মেঘের ছবি ও অনুভূতি জমা পড়তে থাকে ‘মেমোরি ক্লাউড অ্যাটলাস’-এ। হাজারো মানুষের অংশগ্রহণে সেই দিন আকাশ যেন হয়ে ওঠে সবার মিলনস্থল।
পরের বছর ২০২৩ সালেও ফিরে আসে আয়োজনটি। ২০২৪ সালেও তা অব্যাহত থাকে। পরিবার, শিক্ষার্থী, আলোকচিত্রী কিংবা নিছক আকাশ দেখতে ভালোবাসেন এমন মানুষ—সবাই নিজের মতো করে এতে অংশ নেন।
মেঘেরও আছে স্মৃতির খাতা
মেঘপ্রেমী সমিতির ‘মেমোরি ক্লাউড অ্যাটলাস’-এ বিশ্বের নানা প্রান্তের মানুষের তোলা মেঘের ছবি ও অনুভূতি জমা থাকে। কারও ছবিতে নীল আকাশের বুকে তুলোর মতো মেঘ, কারও ছবিতে বৃষ্টির আগের গম্ভীর আকাশ। সঙ্গে থাকে ছোট্ট কোনো অনুভূতি বা মনের কথা।
মজার ব্যাপার হলো, মেঘের ছবি তুলতে পেশাদার আলোকচিত্রী হওয়ার দরকার নেই। দামি ক্যামেরাও লাগবে না। মুঠোফোন থাকলেই কাজ চলে। এমনকি মেঘ চিনতে আবহাওয়াবিদ হওয়ারও প্রয়োজন নেই। দরকার শুধু একটু সময়, সামান্য কৌতূহল আর মাথা তুলে আকাশ দেখার ইচ্ছা।
মেঘ যে শুধু আকাশ সাজায়, তা কিন্তু নয়। কখনও তারা রোদ থেকে বাঁচায়, আলো-ছায়ার খেলা দেখায়, আবার কখনও পুরো আকাশজুড়ে এমন দৃশ্য তৈরি করে যে মনে হয়, প্রকৃতি বুঝি নিজের হাতে ছবি আঁকছে। কারও কাছে মেঘ দেখা মন শান্ত করার উপায়, কারও কাছে আবার নতুন ভাবনার খোরাক।
মেঘ দেখা মানেই আবহাওয়ার ক্লাস নয়
মেঘবন্দনা দিবসের উদ্দেশ্য মেঘ দেখে আগামীকাল বৃষ্টি হবে কি না, সেই হিসাব কষা নয়। এই দিন আসলে আকাশের দিকে একটু মন দিয়ে তাকানোর অজুহাত।
সাদা তুলোর মতো মেঘ দেখে কারও মনে হতে পারে হাতি ভেসে যাচ্ছে। একটু পরেই সেই হাতি হয়ে গেল ঘোড়া, তারপর হয়তো বিশাল কোনও মাছ! পাশের মানুষটির চোখে আবার একই মেঘ দেখতে হতে পারে মানুষের মুখের মতো। অর্থাৎ মেঘ একই, কিন্তু কল্পনা সবার আলাদা।
কখনও মেঘ আসে নরম কুয়াশার মতো, কখনও চিকচিকে আলোর রেখা নিয়ে, আবার কখনও পুরো আকাশ ঢেকে ফেলে ভারী ধূসর চাদরে। প্রতিটি মেঘের যেন আলাদা মেজাজ, আলাদা গল্প।
মেঘ দেখারও আছে নানা কায়দা
মেঘবন্দনা দিবস পালন করতে খুব বেশি আয়োজনের দরকার নেই। ছাদে, বারান্দায়, মাঠে কিংবা জানালার পাশে বসেও শুরু করা যায়। চাইলে একটি চাদর বিছিয়ে শুয়ে পড়ুন। এবার কাজ একটাই আকাশের দিকে তাকান।
কোন মেঘে কী দেখা যাচ্ছে, তা নিয়ে পরিবারের সদস্য বা বন্ধুর সঙ্গে শুরু করে দিন মজার প্রতিযোগিতা। একজন বললেন, ‘ওই মেঘটা তো হাতির মতো!’ অন্যজন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলতেই পারেন, ‘হাতি কোথায়? এটা তো স্পষ্টতই একটা ডাইনোসর!’ কে ঠিক, কে ভুল—তা নিয়ে হাসাহাসি করতেই পারেন। মেঘ তো আর এসে প্রতিবাদ করবে না!
মুঠোফোনে পছন্দের কোনও মেঘের ছবি তুলে সেটি ‘মেমোরি ক্লাউড অ্যাটলাস’-এ জমা দিতে পারেন। সঙ্গে লিখে দিন, মেঘটি দেখে আপনার কী মনে হলো। হয়তো আপনার তোলা সেই সাধারণ ছবিই পৃথিবীর অন্য প্রান্তের কারও দিনটা একটু ভালো করে দেবে।
মেঘ চিনতেও পারেন
মেঘ দেখতে দেখতে যদি একটু বেশি আগ্রহ তৈরি হয়ে যায়, তাহলে মেঘের ধরন চেনার চেষ্টাও করতে পারেন। সিরাস, কিউমুলাস কিংবা অল্টোস্ট্র্যাটাস নামগুলো শুনে প্রথমে একটু কঠিন মনে হলেও আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে এগুলো চেনা সম্ভব।
নিজের জন্য একটি ‘মেঘের তালিকা’ও বানিয়ে ফেলতে পারেন। আজ যে মেঘ দেখলেন, তার ছবি তুলুন। কাল নতুন কোনও মেঘ দেখলে সেটিও তালিকায় যোগ করুন। বিরল কোনও মেঘ চোখে পড়ে গেলে তো কথাই নেই নিজেকে তখন মেঘবিশারদ ভাবতে দোষ কী!
গ্যাভিন প্রিটর-পিনি মানুষকে মনে করিয়ে দিতে চেয়েছেন, মেঘ কারও একার নয়। আপনি শহরের উঁচু ভবনে থাকুন কিংবা গ্রামের খোলা মাঠে, জানালার পাশে বসুন কিংবা ছাদে দাঁড়ান মাথা তুললেই আকাশ আপনার।
তাই আজ একটু ফোন নামিয়ে আকাশের দিকে তাকান। মেঘের মধ্যে হাতি দেখুন, পাখি দেখুন, নিজের মুখ দেখুন কিংবা কিছুই দেখবেন না, শুধু তাকিয়ে থাকুন। কে জানে, কয়েক মিনিটের সেই মেঘ দেখাই হয়তো ব্যস্ত দিনের সবচেয়ে সুন্দর বিরতি হয়ে উঠবে!









